সাবেক গোয়েন্দাপ্রধানকে ফেরত চায় লিবিয়া
লিবিয়ার সাবেক গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল-সেনুসসিকে ফেরত দেওয়ার জন্য মৌরিতানিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ত্রিপোলি। লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) মুখপাত্র মোহাম্মদ আল-হারিজি বলেন, বিচারের জন্য সেনুসসিকে লিবিয়ার কাছে হস্তান্তর করা উচিত।লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাসিন্দা মুস্তাফা ঝাইমা বলেন, ‘কর্নেল গাদ্দাফির কাছের লোক ছিলেন সেনুসসি। তাঁর হাতে লিবীয় জনগণের রক্ত লেগে আছে। লিবিয়ায় এনে তাঁর বিচার করা উচিত। তাঁর কাছে অনেক তথ্য পাওয়া যাবে।’তবে মৌরিতানিয়া কর্তৃপক্ষ জানায়, সেনুসসিকে হস্তান্তরের প্রস্তাব বিবেচনার আগে তারা বিষয়টি তদন্ত করে দেখতে চায়। দেশটির সরকারি সূত্র জানায়, মৌরিতানিয়ার রাজধানী নুয়াসকটের একটি বিমানবন্দর থেকে সেনুসসিকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। তিনি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে মরক্কো থেকে নুয়াসকটে গিয়েছিলেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনুসসির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা রয়েছে। আইসিসি সেনুসসির বিরুদ্ধে গত জুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তিনি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে ওই পরোয়ানায় উল্লেখ করা হয়। এ ছাড়া, ১৯৮৯ সালে ফরাসি একটি বিমানে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনুসসির গ্রেপ্তার চায় ফ্রান্স। ওই হামলায় ১৭০ জন নিহত হয়েছিল। ফ্রান্সের একটি আদালতে ইতিমধ্যে সেনুসিকে অভিযুক্ত করা হয়েছে।বিশ্লেষকদের মতে, জেনারেল সেনুসসি হয়তো এনটিসির অনেকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন। তাই তাঁর দেশে ফেরার ব্যাপারে এনটিসির সদস্যদের আপত্তি থাকতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শর্ত অনুযায়ী মৌরিতানিয়া আইসিসিকে সহায়তা করতে বাধ্য। যদিও দেশটির পার্লামেন্টে এ ব্যাপারে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উত্তর আফ্রিকা শাখার উপপরিচালক হাসিবা হাদজ শাহরাওয়ি বলেন, লিবিয়ার বিচারব্যবস্থা খুব নাজুক এবং তা মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য উপযোগী নয়। মৌরিতানিয়ার গোয়েন্দা সংস্থার দপ্তরে সেনুসসিকে আটক রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাদ্দাফি সরকারের পতনের মুখে গত বছর লিবিয়া ছেড়ে পালিয়ে যান সেনুসসি। গাদ্দাফি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একমাত্র তিনিই এত দিন মুক্ত ছিলেন। সেনুসসির ডাকনাম ছিল ‘কসাই’। এনটিসির মুখপাত্র বলেন, আইসিসি ও ফ্রান্সের দাবি থাকলেও সেনুসসিকে হস্তান্তরের ব্যাপারে মৌরিতানিয়ার উচিত হবে লিবিয়ার দাবিকে প্রাধান্য দেওয়া। বিবিসি।