সাবেক জার্মান প্রেসিডেন্ট ভুল্ফের বিচার শুরু

জার্মানির হ্যানোভারের একটি আদালতে সাবেক জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের বিচার শুরু হয়েছে। তিনি ২০১১ সালের ডিসেম্বরে পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কোনো জার্মান প্রেসিডেন্টের পদত্যাগ ও বিচারের ঘটনা এটাই প্রথম।
২০১১ সালে প্রায় ১০ সপ্তাহজুড়ে গণমাধ্যমে ক্রিশ্চিয়ান ভুল্ফের পদত্যাগ না করায় সমালোচনার মুখে পড়েন। প্রথমে তিনি পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন। কিন্তু এরপর পার্লামেন্টের স্পিকারের কাছে হ্যানোভারের রাষ্ট্রীয় কৌঁসুলি ভুল্ফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের অনুমতির জন্য আবেদন করেন। এরপরই ভুল্ফ পদত্যাগ করেন। উল্লেখ্য, প্রেসিডেন্টের বিরুদ্ধে যেকোনো অভিযোগ তদন্তের আগে জার্মান পার্লামেন্টের অনুমতির প্রয়োজন হয়।
ভুল্ফের বিরুদ্ধে যত অভিযোগ
প্রেসিডেন্ট হওয়ার আগে ভুল্ফ লোয়ার স্যাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় নিজের বাড়ি কেনার জন্য এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন। পরে তা জানাজানি হলে তিনি একটি ব্যাংক থেকে বাজারদরের চেয়ে কম সুদে ওই অর্থ ঋণ নিয়ে বন্ধুকে শোধ করেন। এ ছাড়া লোয়ার স্যাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে নানা উপহার সামগ্রী এবং ওই বন্ধুদের আমন্ত্রণ গ্রহণ করে দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাঁদের ভিলায় অবকাশ যাপন করেন। এ ছাড়া ২০০৮ সালে মিউনিখের অক্টোবর মেলায় হোটেলে থাকা ও সন্ধ্যার খাওয়া বাবদ এক বন্ধু ৭৫০ ইউরো পরিশোধ করেছিলেন। লোয়ার স্যাক্সনি রাজ্যের রাজধানী হ্যানোভারের চলচ্চিত্রবিষয়ক একটি প্রতিষ্ঠানকেও অনিয়ম করে আর্থিক সুবিধা দেওয়ারও অভিযোগ আছে ভুল্ফের বিরুদ্ধে। অভিযোগগুলোর ব্যাপারে রাষ্ট্রীয় কৌঁসুলি গত প্রায় দেড় বছর ধরে তদন্তের পর হ্যানোভারের আদালতে এই বিচারকাজ শুরু হলো।
আজ হ্যানোভারের আদালতে ৫৪ বছর বয়স্ক সাবেক জার্মান এই প্রেসিডেন্ট বলেছেন, ‘তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ছিল না, তা তিনি প্রমাণ করে ছাড়বেন।’