সাবেক তালেবান নেতাকে মুক্তি দিল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান সরকার আশা করছে, আবদুল গনি তালেবান বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় সম্মত করাতে পারবেন। ছবি: বিবিসি
আফগান সরকার আশা করছে, আবদুল গনি তালেবান বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় সম্মত করাতে পারবেন। ছবি: বিবিসি

পাকিস্তান আজ শনিবার তালেবান বাহিনীর সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বেরাদারকে মুক্তি দিয়েছে।

রয়টার্স জানায়, গতকাল শুক্রবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবদুল গনিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানিয়েছিল, পরের দিন অর্থাত্ আজ শনিবার তাঁকে মুক্তি দেওয়া হবে। আজ দেশটির কয়েকটি টেলিভিশনের খবরে মুক্তি দেওয়ার সংবাদটি নিশ্চিত করা হয়। তবে এ ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।

তালেবান বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল গনি বেরাদার। আফগান সরকারের ধারণা, তিনি তালেবান নেতাদের আলোচনার টেবিলে বসতে সম্মত করাতে পারবেন। এক দশক ধরে চলা যুদ্ধ অবসানের জন্য সরকার এখন মরিয়া। কার্যত আফগান সরকারের চাপেই পাকিস্তান আবদুল গনিকে মুক্তি দিল।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমল ফৈজি বলেন, ‘মোল্লা গনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছে আফগান সরকার।... তাঁকে মুক্তি দেওয়ার জন্য আফগান সরকার চাপ অব্যাহত রেখেছিল বলেই আজ তাঁকে মুক্তি দেওয়া হলো।’

আবদুল গনি একসময় তালেবান বাহিনীর সর্বোচ্চ নেতা মোল্লা মুহাম্মদ ওমরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনিই গনিকে বেরাদার বা ‘ভাই’ ছদ্মনাম দেন।

১৯৯৪ সালে আফগানিস্তানে তালেবান আন্দোলনে যে চারজন নেতা সামনের সারিতে ছিলেন মোল্লা আবদুল তাঁদের মধ্যে একজন। ২০০১ সালে মার্কিন অভিযানের পর তালেবানরা যখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে, সে সময় আবদুল গনি হাল ধরেন। পরে ২০১০ সালে পাকিস্তানের করাচি শহরে তিনি ধরা পড়েন।

আফগানিস্তানে নিযুক্ত তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, তাঁরা দলের শীর্ষ নেতা গনির মুক্তির ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেন, তাঁর মুক্তির ব্যাপারে পাকিস্তান সরকারও কোনো ঘোষণা দেয়নি।

মুক্তির পরে গনি কোথায় যাবেন সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি তৃতীয় বিশ্বের কোনো দেশে যেতে পারেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সম্ভাবনা বেশি।

গত কয়েক মাসে পাকিস্তানের কারাগার থেকে ৩০ জন তালেবান নেতাকে মুক্তি দেওয়া হয়েছে। কাবুলের রাজনৈতিক উপদেষ্টা ইসমাইল কাশিম আয়ার জানান, মোল্লা আবদুল গনি বেরাদার পাকিস্তানের শান্তি প্রক্রিয়ার দূত। আফগানিস্তানের কূটনীতিকেরা তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতার জন্য পাকিস্তান সরকারকে প্রস্তাব দিয়েছে। জানা গেছে, মোল্লা আবদুল গনি বেরাদার শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়া বা মীমাংসার পক্ষে ছিলেন।