মালদ্বীপ সরকার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টির অপচেষ্টার অভিযোগ করে বলেছে, তাঁর উচ্ছৃঙ্খল সমর্থকদের বিশৃঙ্খলা কোনো অবস্থায়ই সহ্য করা হবে না। সাবেক প্রেসিডেন্ট নাশিদ গত ফেব্রুয়ারিতে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। নাশিদের অভিযোগ, অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও সামরিক বাহিনীর অভ্যুত্থান এবং তাঁর নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেছেন। নাশিদের পদত্যাগের পর থেকে তাঁর সমর্থকেরা রাজধানী মালেতে নিয়মিত বিক্ষোভ করে আসছেন। প্রায়ই পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রেসিডেন্ট ওয়াহেদের নেতৃত্বাধীন নতুন সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সাবেক প্রেসিডেন্ট নাশিদ মালদ্বীপে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টিকে অবশ্যই সহিংস বিক্ষোভের রাস্তা থেকে সরে আসতে হবে। এএফপি।