সাবেক মার্কিন সিনেটর টেড স্টিভেন্স বিমান দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন সিনেটর টেড স্টিভেন্স (৮৬) আলাস্কার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি ছাড়াও ছোট্ট বিমানটির নয়জন যাত্রীর আরও চারজন মারা গেছেন। ওই বিমানে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার সাবেক প্রধান সিয়ান ওকিফ ও তাঁর কিশোর ছেলে ছিলেন। তাঁরা দুজনই বেঁচে আছেন। ছোট্ট বিমানে করে টেড মাছ শিকারে যাচ্ছিলেন।টেড স্টিভেন্সের মৃত্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা গভীর শোক প্রকাশ করেছেন। গত মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক স্টিভেন্স আলাস্কার জনগণের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। একইভাবে তিনি আমাদের নারী-পুরুষের জন্য লড়াই করেছেন।’ তিনি বলেন, ‘আমি ও মিশেল স্টিভেন্সের পুরো পরিবার এবং ভয়াবহ এ দুর্ঘটনার শিকার তাঁর সঙ্গীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’গত সোমবার রাতে আলাস্কার আংখোরেজের ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আলেখনাগিক এলাকায় বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘদিন সিনেটরের দায়িত্ব পালনকারী স্টিভেন্স চার সফরসঙ্গীসহ নিহত হন। অন্যরা হলেন: বিমানের পাইলট থেরন স্মিথ, উইলিয়াম ফিলিপস সিনিয়র, জিসিআইয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডানা টিনডাল ও তাঁর মেয়ে কোরে টিনডাল। মঙ্গলবার পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। রাজনীতিবিদ স্টিভেন্স রেকর্ড ৪০ বছর সিনেটের সদস্য ছিলেন। এএফপি, বিবিসি, রয়টার্স।