ভারতের ভোপালে মার্কিন কোম্পানি ইউনিয়ন কার্বাইডের কারখানায় দুর্ঘটনার পর এর চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসনকে নিরাপদে ভোপাল ছাড়ার সুযোগ করে দেওয়ার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। মধ্য প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং, ভোপালের কালেক্টর মতি সিং ও পুলিশ সুপার (এসপি) স্বরাজ পুরির বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করা হয়। মধ্য প্রদেশ রাজ্যের ভোপালে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানায় ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর দুর্ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। ওই দুর্ঘটনায় বেসরকারি হিসাবে ১৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভোপালের মুখ্য বিচারিক হাকিম আরজে সিংয়ের আদালতে স্থানীয় আইনজীবী ফুরকান খান সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি এই অভিযোগকে ফৌজদারি মামলা হিসেবে গ্রহণ করতে আদালতের কাছে দাবি জানান। আদালত অভিযোগ গ্রহণ করে ২৯ জুন শুনানির দিন ধার্য করেন। স্থানীয় একটি মহিলা সংস্থার আহ্বায়ক আবদুল জব্বার সাবেক কালেক্টর মতি সিং ও এসপি স্বরাজ পুরির বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন। এই অভিযোগও ফৌজদারি মামলা হিসেবে গ্রহণ করতে আদালতের প্রতি আহ্বান জানানো হয়। আদালত ২৪ জুন যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। যুক্তিতর্কের পর এসব অভিযোগ মামলা হিসেবে গ্রহণের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন।ভারতের একটি আদালত গত ৭ জুন ভোপাল দুর্ঘটনা মামলার রায় ঘোষণা করেন। এতে ইউনিয়ন কার্বাইডের ভারতীয় আট কর্মকর্তাকে দুই বছর করে কারাদণ্ড ও এক লাখ রুপি করে জরিমানা করা হয়। এদের মধ্যে একজন অবশ্য আগেই মারা গেছেন। বাকি সাত কর্মকর্তা জামিনে মুক্ত আছেন। এই রায়ে ওয়ারেন অ্যান্ডারসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি রায়ের কোথাও তাঁর সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। পিটিআই অনলাইন।