সাবেক যোদ্ধাদের নিরস্ত্র করাই লিবিয়ার এখন চ্যালেঞ্জ
দীর্ঘ লড়াইয়ে একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে হটানোর পর লিবিয়ার অন্তর্বর্তী সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ সাবেক বিদ্রোহী যোদ্ধাদের নিরস্ত্র করা। সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্র করতে এখনো কোনো পরিকল্পনা ঘোষণা করেনি সরকার। তারা এখন রাস্তাঘাটে নিরাপত্তা তল্লাশি, বিভিন্ন স্থাপনা ও সীমান্ত পাহারা দিচ্ছে।জিনতান ব্রিগেডের কমান্ডার আবদুল্লাহ নাকের বলেন, ‘রাতারাতি সবাইকে নিরস্ত্র করা বেশ কঠিন কাজ। আমরা চাই, সব অস্ত্র নিয়ে নেওয়া হোক, কিন্তু এ জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন।’ গত মাসে গাদ্দাফির সবচেয়ে ক্ষমতাধর ছেলে সাইফ আল ইসলামকে আটক করে প্রশংসা কুড়ায় এই জিনতান ব্রিগেড।আবদুল্লাহ নাকের বলেন, ‘বর্তমানে কোনো রাষ্ট্রব্যবস্থা নেই। অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো প্রস্তাব পাইনি। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমরা আলোচনা শুরু করব।’ত্রিপোলিতে বিদ্রোহীদের বিভিন্ন পক্ষের মধ্যে দাঙ্গা ও সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর অনেক ঘটনায় হতাহতও হয়েছে। এসব কারণে সাবেক বিদ্রোহীদের নিরস্ত্র করার জন্য সরকারের ওপর চাপ বাড়ছে।এ ছাড়া মিসরাতা, জিনতানসহ অন্যান্য শহর থেকে ত্রিপোলিতে এসে যেসব বিদ্রোহী লড়াই করেছিল, লড়াই শেষে তারা এখনো ফিরে না যাওয়ায় ত্রিপোলিবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। বিদ্রোহী যোদ্ধাদের একাধিক গ্রুপ ত্রিপোলির কিছু ভবন দখলে নিয়ে নিজেদের সদর দপ্তর হিসেবে ব্যবহার করছে। ওই সব সাবেক যোদ্ধাকে ত্রিপোলি ছেড়ে যাওয়ার জন্য ২০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ত্রিপোলির নগর পরিষদ।ওই সব যোদ্ধা এখন প্রধান প্রধান সড়কে তল্লাশি কেন্দ্র ও স্থাপনার নিরাপত্তার দায়িত্বে আছে। ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছে জিনতা ব্রিগেড। আর ন্যাশনাল তেল কোম্পানির ভবন পাহারা দিচ্ছে মিসরাতার যোদ্ধারা।এসব সাবেক যোদ্ধাকে ত্রিপোলি থেকে সরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় লোকজন সম্প্রতি বিক্ষোভ করে রাস্তা বন্ধ করে দেয়। গতকাল মার্টায়ার স্কয়ারে বিক্ষোভ করে শত শত মানুষ।মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেন, লিবিয়ার কর্তৃপক্ষের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা।চলতি সপ্তাহে ত্রিপোলি সফরের সময় অ্যালিস্টার বার্ট বলেন, নিরাপত্তার ক্ষেত্রে সবার আগে সাবেক বিদ্রোহীদের নিরস্ত্র করতে হবে, তাদের অস্ত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এএফপি।