সাবেক শ্যালকের পক্ষে নির্বাচনী প্রচারের জন্য ইমরান খান লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্ত্রী জেমিমা খানের অনুরোধে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান এখন লন্ডনে। জেমিমার ভাই জ্যাক গোল্ডস্মিথ আসন্ন পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন। সেই নির্বাচনে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ভোটারদের নিজের পক্ষে আনতে বোনের কাছে বায়না ধরেছেন জ্যাক, ইমরানকে দিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ধরাশায়ী করতে হবে। ভাইয়ের আবদারে না করেননি জেমিমা। ইমরানকে ভাইয়ের হয়ে অনুরোধ করেছেন। সেই ডাকে সাড়া দিয়েছেন ইমরান। জ্যাকের পক্ষে এখন লন্ডনের অলিগলি চষে বেড়াচ্ছেন তিনি।আগামী ৬ মে ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন। এতে রিচমন্ড পার্কের আসনে টরি দলের হয়ে লড়ছেন ৩৫ বছর বয়সী জ্যাক। জ্যাকের পক্ষে কিংস্টনের একটি মসজিদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ইমরান। ওই এলাকার পাকিস্তানি বংশোদ্ভূত ভোটারদের জ্যাককে ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। জ্যাকের নির্বাচনী আসনে উপমহাদেশীয় বিপুলসংখ্যক ভোটার রয়েছেন।ইমরান জ্যাকের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘জ্যাক আমার কাছে ছোট ভাইয়ের মতো। শুধু এ কারণেই যে আমি তার পক্ষে প্রচারণা চালাচ্ছি, তা নয়। আমি তার মতাদর্শ জানি। সে বরাবরই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যুদ্ধ পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে।’সাবেক ভগ্নিপতি সম্পর্কে জ্যাক বলেছেন, ‘আমি যেসব দুর্নীতিমুক্ত রাজনীতিবিদদের চিনি, ইমরান তাঁদের মধ্যে অন্যতম। শুধু পাকিস্তানেই নয়, বিশ্বের যেকোনো দেশের রাজনীতিতে দুর্নীতিমুক্ত থাকাটা একটা দুর্লভ ব্যাপার। শুধু ক্রিকেটের জন্য নয়, এ মানুষটা আমার কাছে তাঁর রাজনৈতিক স্বচ্ছতার জন্য একজন নায়কের মতো।’ এনডিটিভি।