সামনে অনেক চ্যালেঞ্জ
প্রথমবারের মতো পার্লামেন্টে ঢুকতে যাচ্ছেন অং সান সু চি। প্রায় দুই দশক গৃহবন্দী অবস্থায় কাটানোর পর তাঁর সামনে এখন নতুন সব চ্যালেঞ্জ। একদিকে পার্লামেন্টে ক্ষমতাসীনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অন্যদিকে জনগণের প্রত্যাশা পূরণ করা।খবর ছড়িয়েছে, সেনা-সমর্থিত সরকারে গুরুত্বপূর্ণ একটা পদ প্রস্তাব করা হতে পারে সু চিকে। তবে সু চি নিজে মন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। কেননা, পার্লামেন্টের আসন খুইয়ে তিনি মন্ত্রী হতে চান না।গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, ‘যার জন্য আমার এত সংগ্রাম, সেই পার্লামেন্ট ছাড়ার কোনো ইচ্ছেই আমার নেই।’ তবে তিনি ইঙ্গিত দেন, দেশের জাতিগত সংঘাত নিরসনে তিনি অন্য যেকোনো ভূমিকা নিতে পারেন। ‘যারা দেশকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে কাজ করছে, আমি তাদের হয়ে কাজ করতে চাই—যাতে সব সমপ্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।’ বললেন সু চি।মিয়ানমারে নিযুক্ত সাবেক জাতিসংঘ কর্মকর্তা ও সু চির বন্ধু রিচার্ড হোর্সে বলেন, ‘জনগণের প্রত্যাশাকে রাজনৈতিক বাস্তবতায় রূপ দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের মতো একটা দরিদ্র দেশে মানুষের দুরবস্থা লাঘব করা এবং টেবিলে খাবার, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করাই হচ্ছে এখনকার বড় চ্যালেঞ্জ।’ এখন থেকে মাত্র ১৭ মাস আগেও গৃহবন্দী ছিলেন সু চি। তাঁর দল ছিল নিষিদ্ধ। প্রেসিডেন্ট থেইন সেইনের সংস্কার পদক্ষেপের ফলই হচ্ছে আজকের মিয়ানমার। গণণতন্ত্রের জন্য কারাগারের ঘেরাটোপে জীবনের প্রায় ২০টি বছর চার দেয়ালের মাঝে কাটিয়েছেন সু চি।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথারিন আস্টনের উপদেষ্টা রবার্ট কুপার রোববার অন্যান্য ইউরোপীয় প্রতিনিধির সঙ্গে ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ‘পরিবর্তনের গতি জোরদার হচ্ছে।’ এএফপি ও রয়টার্স।