সামনে বর্ষা, নতুন বিপর্যয়ের মুখে উদ্বাস্তু রোহিঙ্গারা
জাতিগত দাঙ্গা থেকে প্রাণে বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মিয়ানমারের হাজার হাজার মুসলিম রোহিঙ্গা নতুন সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্যাপ্রবণ এলাকায় আশ্রয় নেওয়া এসব মানুষ আসন্ন বর্ষা মৌসুমে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলে জাতিসংঘ সতর্কবাণী উচ্চারণ করেছে।জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক কর্মসূচির সমন্বয়ক জন গিং গতকাল শুক্রবার বলেছেন, ‘উদ্বাস্তু মানুষ এখন আরেকটি ট্র্যাজেডির মুখোমুখি। তাদের সেখানে মৌসুমি বৃষ্টি শুরু হচ্ছে। সম্ভাব্য ট্র্যাজেডি এড়াতে আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’গত বছর রাখাইন বৌদ্ধ ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই থেকে অন্তত সোয়া লাখ রোহিঙ্গা ও অন্য গোষ্ঠীর মুসলিম সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তারা যেসব আশ্রয়শিবিরে উঠেছে, সেগুলো খুবই নোংরা ও অস্বাস্থ্যকর। এতে সেখানে বেশ কিছুসংখ্যক মানুষের ইতিমধ্যে মৃত্যুও হয়েছে।আগামী মে মাসেই মিয়ানমারের ওই অঞ্চলে মৌসুমি বৃষ্টি শুরু হচ্ছে। জন গিং দেশটির সরকারের প্রতি উদ্বাস্তু মানুষের জন্য নতুন করে ভূমি বরাদ্দের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতির ভয়াবহতা কোনোভাবেই এড়ানো যাবে না। এএফপি।