সামনে বাধার পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সন্ত্রাসবিরোধী যে সমঝোতায় পৌঁছেছে, সেটা উচ্চাভিলাষী; কাজেই তা বাস্তবায়নের পথে বাধা অনেক। তবে সিরিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা আবার শুরু করতে এটি নতুন আশার সঞ্চার করবে।
সুইজারল্যান্ডের জেনেভায় ১৩ ঘণ্টা আলোচনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া ওই চুক্তি সম্পাদন করে। এতে সিরিয়ার আলেপ্পোয় এলাকার আড়াই লাখ নাগরিককে কীভাবে ত্রাণ দেওয়া যায়, সেই পরিকল্পনা আছে। আলেপ্পোর লোকজন পানি ও জ্বালানির অভাবে রয়েছে।
চুক্তি অনুযায়ী পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর হামলার পাশাপাশি অন্যান্য আল-কায়েদার সমমনা সংগঠন জাবহাত আল-নুসরার বিরুদ্ধেও সমন্বিত লড়াইয়ে অংশ নেবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর দেশের বিরোধী শক্তির মধ্যে কোনো তফাত দেখেন না। দেশটিতে সরকারবিরোধী সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক দল যেমন আছে, তেমনি জঙ্গিগোষ্ঠীও আছে। রুশ-মার্কিন চুক্তির ফলে তিনি হয়তো মনোভাব পাল্টাবেন।
রুশ-মার্কিন চুক্তির বাস্তবায়ন কীভাবে হবে, তা এখনো প্রকাশ করা হয়নি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইঙ্গিত দিয়েছেন, চুক্তিটি সিরিয়ায় কেবল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের পরাস্ত করতে নয়, বরং অন্যান্য জিহাদি সংগঠনকে দমনের লক্ষ্যেও পূর্ব ও পশ্চিমের মধ্যে প্রথম সমঝোতা।
চুক্তিটি বাস্তবায়নে সিরিয়ার সহযোগিতা কেমন হবে, সেটা এক বড় প্রশ্ন। এ ছাড়া দ্বিতীয় প্রশ্নটি হলো, পশ্চিমা-সমর্থিত সিরীয় যোদ্ধারা আল-নুসরার কাছ থেকে নিজেদের আলাদা করবে কি না। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পরিষ্কার বলে দিয়েছেন, আল-নুসরায় গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ, এটা মার্কিন স্বার্থের প্রশ্ন।
মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চার্লস লিস্টার বলেন, সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের এখন সম্ভবত সবচেয়ে বড় এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। ২০১১ সালে তাঁরা বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।
লাভরভ সংবাদ সম্মেলনে বলেছেন, শান্তি আলোচনা নিয়ে কিছু সমস্যা হতে পারে। সিরিয়ার বিরোধী সংগঠনগুলোর জোট এইচএনসিকেই একমাত্র সমঝোতাকারী হিসেবে না-ও দেখা যেতে পারে। অন্যান্য সংগঠনও শান্তি আলোচনায় আসতে পারে।
এইচএনসিকে মূলত সৌদি আরবের সৃষ্টি বলে মনে করে রাশিয়া। তাই আলোচনা আবার শুরু হলে তাতে অংশগ্রহণকারীদের পরিবর্তনের প্রসঙ্গ আসতে পারে। আরও অন্তত দুটি বাধা রয়েছে। কুর্দিরা এইচএনসিতে নামমাত্র ভূমিকা পালন করছে। আর তাদের প্রধান প্রতিনিধিকেও বাদ দেওয়া হয়েছে। আর এই শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, যদিও সিরিয়ার আলেপ্পো ও অন্যান্য স্থানে ইরানি মিলিশিয়ারা যুদ্ধ করছে।