সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। তারা বলেছে, ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। গতকাল শনিবার একটি গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।সম্প্রতি মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণমিক কর্মসূচি ঠেকাতে ওয়াশিংটন সামরিক অভিযান চালাতে প্রস্তুত। এর পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের পারমাণমিক কর্মসূচি ইস্যুতে গত ২৩ ও ২৪ মে ইরাকের রাজধানী বাগদাদে বিশ্বের শক্তিধর দেশগুলো তেহরানের সঙ্গে বৈঠক করে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্যই পরমাণমিক কর্মসূচি চালাচ্ছে। তবে পশ্চিমাদের অভিযোগ নাকচ করে দিয়ে ইরান বলছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। একই ইস্যুতে ১৮ থেকে ১৯ জুন রাশিয়ার রাজধানী মস্কোয় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।ইরানের রেভল্যুশনারি গার্ডসের সাবেক প্রধান ইয়াহইয়া রহিম সাফাভি বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা ভালো করেই জানেন, ওই অঞ্চলে তাঁদের সব ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে আছে এবং এসব ঘাঁটি খুবই অরক্ষিত।’সাফাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে তিনি তেহরানের বিরুদ্ধে তাদের যেকোনো সামরিক অভিযানের সম্ভাবনাকে ‘দুর্বল’ বলে উড়িয়ে দেন।বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সামরিক অভিযানের মুহূর্তে বৈশ্বিক তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কার কথা বলে পশ্চিমাদের মনোবলে ফাটল ধরাতেই ইরানের সামরিক কর্মকর্তারা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন। এর আগে তেহরান হুমকি দিয়েছিল, তারা সামরিকভাবে আক্রান্ত হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে। এতে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। গত মাসে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরো বলেছিলেন, ইরানে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত এবং এটা ‘সময়ের ব্যাপার’।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মস্কোর বৈঠকের সময় ইরানকে তার পারমাণমিক কর্মসূচির লাগাম টেনে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবে মস্কো বৈঠকের সফলতার বিষয়ে ইসরায়েল সংশয় প্রকাশ করে বলেছে, তেহরান সময় নষ্ট করার কৌশল নিয়েছে। রয়টার্স।