সামরিক আইন জারির হুমকি দুতার্তের

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, মাদক চক্রকে দমন করা কঠিন হয়ে উঠলে প্রয়োজনে তিনি সামরিক আইন জারি করবেন। এ ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতার ধার ধরবেন না।
সাংবাদিকদের সামনে শনিবার সামরিক আইন জারির ওই হুমকি দেন দুতার্তে। ফিলিপাইনে দুই দশকের বেশি সময় সামরিক আইন জারি রাখা সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের পতনের পর দেশটির সংবিধানে এই আইন নিয়ে বিশেষ অনুচ্ছেদ রাখা হয়।
এতে বলা হয়, শুধু বহিঃশক্তির আক্রমণ ও বিদ্রোহ দেখা দিলে সর্বোচ্চ ৬০ দিনের জন্য সামরিক আইন বলবৎ রাখা যাবে। তবে দুতার্তে বলেছেন, ‘জাতি ও প্রজন্মকে রক্ষার জন্য’ ৬০ দিন নয়, বরং যত দিন তাঁর ইচ্ছা তত দিন এই আইন চলবে।
সামরিক আইন জারি হলে সেনাবাহিনী আইন প্রয়োগ করার এবং বিচার ছাড়াই দীর্ঘদিন যে কাউকে আটক রাখার ক্ষমতা পাবে। দুতার্তে ছয় মাস আগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে যুক্ত কমপক্ষে ৫ হাজার ৭০০ লোক গুলিতে নিহত হয়েছে। পুলিশ কিংবা সরকারের ভাড়াটে লোকজনই তাদের মেরে ফেলেছে বলে ভাবা হয়।
মানবাধিকার সংগঠনগুলো দুতার্তের সমালোচনা করে বলে আসছে, এই রক্তক্ষয়ী কথিত মাদক বিরোধী অভিযানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দুতার্তে কড়া ভাষায় এসব মানবাধিকার সংগঠনগুলোর পাল্টা সমালোচনা করেছেন।