সামরিক আইন জারির হুমকি দুতার্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: এএফপি
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: এএফপি

সন্ত্রাস মোকাবিলা করতে দেশজুড়ে সামরিক আইন জারি করার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ইসলামি জঙ্গিরা এক পুলিশ সদস্যের শিরশ্ছেদ ও একজন খ্রিষ্টধর্মাবলম্বীকে জিম্মি করার পর আজ বুধবার তিনি এ হুমকি দেন।

এএফপির খবরে বলা হয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে গত মঙ্গলবার সামরিক আইন জারি করেছেন দুতার্তে। এতে দেশটির এক-তৃতীয়াংশ এলাকায় সামরিক আইন জারি হয়েছে। ওই অঞ্চলে প্রায় দুই কোটি মানুষের বাস। সেখানে সশস্ত্র বন্দুকধারীদের হামলার পর তাৎক্ষণিকভাবে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেওয়া হয়। হামলাকারীরা ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর অনুগত বলে জানা গেছে।
দুতার্তে ও তাঁর সহযোগীরা দাবি করেছেন, দক্ষিণাঞ্চলের মারাবি শহরে প্রায় শতাধিক জঙ্গি তাণ্ডব চালায়। এ সময় পাঁচজন সেনা নিহত হন এবং গির্জা থেকে একজন ধর্মযাজক ও কয়েকজন ব্যক্তিকে জিম্মি করা হয়। এরপর কিছু ভবনে আগুন দেওয়া হয় এবং সেখানে আইএসের কালো রঙের পতাকা উড়িয়ে দেওয়া হয়।
দুতার্তে বলেন, পরে রাস্তার নিরাপত্তাচৌকিতে থাকা স্থানীয় একজন পুলিশপ্রধানের শিরশ্ছেদ করে জঙ্গিরা। মিন্দানাওয়ের এ ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, ‘এই জাতিকে রক্ষা ও সংরক্ষণে যেকোনো কিছু করতে আমি কখনোই দ্বিধা করব না। জনসাধারণকে বাঁচাতে আমি দেশজুড়ে সামরিক আইন জারির ঘোষণা দিতে পারি।’
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বেশ কিছু বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসেন দুতার্তে। মাদকবিরোধী অভিযানের জন্য এরই মধ্যে সমালোচিত হয়েছেন তিনি। বিভিন্ন মানবাধিকার সংস্থা এ অভিযানের কঠোর সমালোচনা করেছে।