সামরিক আইনের অনুমোদন দিলেন প্রেসিডেন্ট মুরসি
মিসরে অব্যাহত গণবিক্ষোভের মুখে সামরিক আইন নতুন করে অনুমোদন করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তবে এখনো সামরিক আইন জারি করা হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।রাষ্ট্রীয় আল আহরাম পত্রিকা গতকাল শনিবার এক প্রতিবেদনে জানায়, সংবিধান চূড়ান্ত হওয়া এবং আইনসভার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে প্রেসিডেন্ট মুরসি শিগগির নির্দেশ জারি করবেন।সামরিক আইনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানায় আল আহরাম। সংবিধান নিয়ে আগামী শনিবার গণভোট হওয়ার কথা রয়েছে। এরপর দুই মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।প্রেসিডেন্টের সামরিক আইনের অনুমোদনের আগেই দেশটির সেনাবাহিনী গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটিকে ‘অন্ধকার সুড়ঙ্গে’ ঠেলে দেওয়ার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। বাহিনীর পক্ষ থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও সরকারবিরোধীদের সংলাপে বসে যত দ্রুত সম্ভব উদ্ভূত সংকট মোচনের আহ্বান জানানো হয়।এক বিবৃতির মাধ্যমে গতকাল শনিবার সেনাবাহিনী এ আহ্বান জানায়। মিসরে মুরসিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো সেনাবাহিনী এ বিষয়ে বক্তব্য দিল। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব হলো সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জানমাল রক্ষা করা। এই দায়িত্ব পালনে তারা সচেষ্ট থাকবে।এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যানের পর শুক্রবার রাতভর বিরোধীরা রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করেছেন। গতকালও তাঁরা প্রাসাদের কাছে অবস্থান নিয়েছিলেন। তবে বিক্ষোভ দমনে যেকোনো সময় সেনা মোতায়েন করা হতে পারে। বিষয়টি মুরসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। বিরোধী নেতারা জানান, প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করে জারি করা ডিক্রি ও খসড়া সংবিধানের ওপর সংসদের ভোটাভুটির বিষয়ে কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন মুরসি। তবে একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট শর্ত সাপেক্ষে ভোটাভুটি স্থগিত করতে পারেন। এরই মধ্যে মিসরের নির্বাচন কমিশন বিদেশে বসবাসরত মিসরীয়দের পরিকল্পিত ভোট গ্রহণ স্থগিত করেছে। গতকাল শনিবার এই ভোট নেওয়ার কথা ছিল। কমিশন বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভোট গ্রহণ স্থগিত করা হয়। মিসরের আইন অনুসারে প্রেসিডেন্টের কাছে খসড়া সংবিধান উপস্থাপনের দুই সপ্তাহ পর অবশ্যই তার ওপর গণভোট হতে হবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট মুরসি শিগগিরই এ বিষয়ে অনুমোদন দেবেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত আল আহরাম পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। বিবিসি, নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।