সামরিক আদালতে শরৎ ফনসেকার বিচার শুরু
সশস্ত্র বাহিনীতে চাকরি করা অবস্থায় রাজনীতিতে জড়ানোর অভিযোগে সামরিক আদালতে শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী শরৎ ফনসেকার বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী কলম্বোয় নৌবাহিনীর সদর দপ্তরের ভেতরে এ বিচার শুরু হয়। এদিকে ফনসেকাকে গ্রেপ্তার এবং সামরিক আদালতে বিচারের প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল কলম্বোতে ব্যাপক বিক্ষোভ করেছে।শুনানি শেষে আদালত আগামী ৬ এপ্রিল পর্যন্ত মামলার শুনানি মুলতবি করেন। জানা গেছে, ফনসেকার আইনজীবী ওই আদালতের বৈধতা চ্যালেঞ্জ ও সামরিক ট্রাইব্যুনালের সদস্য বাছাইয়ের বিরোধিতা করায় ওই মুলতবি করা হয়। তবে চাকরি করা অবস্থায় সামরিক সরঞ্জামাদি ক্রয়ে অসদুপায় অবলম্বনের আরেকটি অভিযোগে সাবেক সেনাপ্রধান ফনসেকাকে আজ বুধবার আবারও সামরিক আদালতে হাজির করা হতে পারে।জেনারেল ফনসেকার মুখপাত্র অনুরা কুমারা দেশনায়েকে জানান, ফনসেকা জানিয়েছেন, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এবং ৮ এপ্রিল অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে তিনি যাতে অংশ নিতে না পারেন, সে উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।ফনসেকার পক্ষের এক আইনজীবী নলিন লাড্ডুভাহিত্তি বলেন, জেনারেল ফনসেকা দোষ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। কারণ, তিনি মনে করেন, ওই সামরিক আদালতের এসব অভিযোগের শুনানি বা বিচার করার কোনো এখতিয়ার নেই।ফনসেকার কয়েক হাজার সমর্থক গতকাল কলম্বোর রাস্তায় নেমে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ১০ জনকে আটক করে।এদিকে সামরিক আদালত সূত্র জানায়, ফনসেকার বিরুদ্ধে ৩৫ জন সাক্ষ্য দিতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁর দুই থেকে পাঁচ বছরের সাজা হতে পারে।দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, ফনসেকা সামরিক আদালতে নিজের আইনজীবী নিয়োগ করতে পারবেন। আর বিচারে দোষী সাব্যস্ত হলে তিনি চাইলে বেসামরিক উচ্চ আদালতে আপিল করতে পারবেন।শ্রীলঙ্কার সাবেক প্রধান বিচারপতি শারথ সিলভা বলেন, সামরিক আদালতে ফনসেকার বিচার করাটা হবে অসাংবিধানিক। তাঁর মতে, ফনসেকা যেহেতু এখন আর সশস্ত্র বাহিনীতে কর্মরত নন, তাই সেনা আইনে তাঁর বিচারের প্রশ্নই আসে না। তাঁর বিচার হলেও তা হওয়া উচিত বেসামরিক আদালতে।তামিল টাইগারদের বিরুদ্ধে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান হওয়ায় প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপক্ষে ও জেনারেল শরৎ ফনসেকা উভয়েই কৃতিত্ব দাবি করেন। এরপর ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালে রাজাপক্ষের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের কাছে ১৮ শতাংশ ভোটে পরাজিত হন শরৎ ফনসেকা। রাজাপক্ষের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন তিনি। এরপর ফনসেকার বিরুদ্ধে অভ্যুত্থান ও রাজাপক্ষকে হত্যার পরিকল্পনা, সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালনের সময় রাজনীতির সঙ্গে জড়িত হওয়া এবং সশস্ত্র বাহিনীর ক্রয়বিধি লঙ্ঘনের অভিযোগ আনে সরকার। এসব অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে ফনসেকাকে গ্রেপ্তার করে নৌ-সদর দপ্তরে বন্দী করা হয়। বিবিসি, এএফপি ও রয়টার্স।