সামরিক একাডেমিতে চাভেজের লাশ, লাখো মানুষের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের মরদেহ গত বুধবার রাজধানী কারাকাসের সামরিক একাডেমিতে নেওয়া হয়। এ সময় রাস্তায় নামে লাখ লাখ শোকাহত মানুষ। তারা শেষ বিদায় জানায় চাভেজকে। সামরিক একাডেমিতে কফিনের পাশে দাঁড়িয়ে জনতার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন চাভেজের ঘনিষ্ঠজনেরা এবং প্রতিবেশী তিন দেশের প্রেসিডেন্টরা।৫৮ বছর বয়সী বামপন্থী নেতা চাভেজ প্রায় দুই বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি কিউবায় চতুর্থ দফায় অস্ত্রোপচার শেষে দেশে ফেরেন তিনি। এর কয়েক দিনের মাথায় গত মঙ্গলবার ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই বিপ্লবী। আজ শুক্রবার কারাকাসের ফুয়ের্ত তিউনা মিলিটারি একাডেমিতে রাষ্ট্রীয়ভাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।কারাকাসের সামরিক হাসপাতাল থেকে গত বুধবার একটি শবযানে করে চাভেজের কফিন নিয়ে যাওয়া হয় ওই সামরিক একাডেমিতে। কয়েক কিলোমিটার রাস্তা পেরিয়ে লাশ সেখানে পৌঁছাতে সাত ঘণ্টার বেশি সময় লাগে। এ সময় চাভেজের প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসে শোকাহত জনতা। সামরিক একাডেমিতে পৌঁছানোর পর কফিনটি খুলে রাখা হয়। এ সময় সেখানে চাভেজের মা, মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাশাপাশি প্রতিবেশী আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ও উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা কফিনের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। চাভেজকে শেষ বিদায় জানাতে এ সময় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় লাখ লাখ মানুষ।শোকাহত সমর্থকদের অনেকেই লাল শার্ট পরে এবং চাভেজের ছবি নিয়ে আসেন। তাঁরা কান্নাভেজা চোখে ভেনেজুয়েলার পতাকা দিয়ে ঢেকে রাখা চাভেজের কফিনে ফুল ছিটিয়ে দেন। ঘটনাস্থলে থাকা বিবিসির সাংবাদিক উইল গ্রান্ট জানান, এ সময় অনেক সমর্থক তাঁদের জীবন বদলে দেওয়ার জন্য চাভেজকে ধন্যবাদ দেন। মারিয়া আলেক্সান্দ্রা নামের এক সমর্থক বলেন, ‘যিশুখ্রিষ্টের পরই হুগো চাভেজের স্থান। তাঁর আগে কোনো সরকারই আমাদের খোঁজ-খবর নেয়নি। এখন আমাদের সন্তানদের সবই আছে।’১৮ বছর বয়সী ছাত্রী মিসকেয়া হার্নান্দেজ বলেন, কারিশম্যাটিক নেতা চাভেজের মাধ্যমে তাঁরা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। তিনি বলেন, ‘তিনি আমাদের জন্য স্কুল দিয়েছেন, বই দিয়েছেন, কম্পিউটার সরবরাহ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। এখন জাতি হিসেবে (ভাইস প্রেসিডেন্ট নিকোলা) মাদুরোকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে।’কারাকাস নগর করপোরেশনের সাবেক কর্মকর্তা ফ্রান্সিসকো আম্ব্রিয়া বলেন, ‘চাভেজ কখনোই বিস্মৃত হবেন না। ১০০ বছরেও না। চাভেজ দেশের দায়িত্ব নেওয়ার আগে গরিবদের কথা কেউই মনে রাখত না। এখন আমরা দৃশ্যমান। সরকার আমাদের যে ক্ষমতা দিয়েছে, তা এর আগে কখনোই ছিল না।’চাভেজের মৃত্যুতে ভেনেজুয়েলায় একপ্রকার নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সরকার বলেছে, তারা সংবিধান অনুসারে সঠিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন হলে তাতে চাভেজর পছন্দ হিসেবে ক্ষমতাসীন ইউনাটেড সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হবেন মাদুরো। বিরোধীদলীয় সম্ভাব্য প্রার্থী হেনরিক ক্যাপিলেসের বিরুদ্ধে ওই নির্বাচনে তিনি জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। বিবিসি ও লস অ্যাঞ্জেলেস টাইমস।