নেপালের ইউসিপিএনের (মাওবাদী) সাবেক সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) চেইন অব কমান্ড সেনা অঙ্গীভূতকরণ বিশেষ কমিটির (এআইএসসি) কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দেশটির চিতওয়ানে শক্তিখর ক্যান্টনমেন্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কমান্ড হস্তান্তর করা হয়।পিএলএ যোদ্ধাদের কমান্ড এআইএসসির কাছে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও মাওবাদী চেয়ারম্যান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এআইএসসির নেতৃত্বে রয়েছেন মাধব কুমার। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পিএলএ যোদ্ধা ও মাওবাদীদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হলো।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাধব কুমার জাতীয় পতাকা উত্তোলন করেন। মাওবাদীদের সেনা শাখার পতাকার জায়গায় এখন থেকে জাতীয় পতাকা উড়বে। অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নেপাল ও মাওবাদী নেতা প্রচণ্ড উভয়েই কমান্ড হস্তান্তরকে শান্তি-প্রক্রিয়া সম্পন্ন করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন।মাওবাদীপ্রধান প্রচণ্ড বলেন, পিএলএ এখন রাষ্ট্রের নিরাপত্তা অঙ্গে পরিণত হলো। পিএলএ এখন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। দেশের রাজনৈতিক পরিবর্তন আনতে পিএলএ যোদ্ধাদের অবদানের প্রশংসা করেন মাওবাদী নেতা।কমান্ড হস্তান্তরকে শান্তি-পক্রিয়া সম্পন্ন করতে নিজেদের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন প্রচণ্ড।প্রধানমন্ত্রী মাধব কুমার তাঁর ভাষণে বলেন, ‘আপনারা এখন আনুষ্ঠানিকভাবে বিশেষ কমিটির অধীনে এলেন। বিশেষ কমিটির সচিবালয় এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’শান্তি-প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ ও এর মিশনের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।স্পিকার সুভাষ চন্দ্র নেমবাং, মন্ত্রীবর্গ ও চার নিরাপত্তা সংস্থার প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেপালি কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালাসহ প্রায় সব রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে ছিলেন।অনুষ্ঠানে জাতিসংঘের কর্মকর্তাসহ বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানেরা ছিলেন। এ ছাড়া এআইএসসির সদস্য ও পিএলএর সব বিভাগের কমান্ডাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সরকার গঠনে ব্যর্থতা: এদিকে নেপালের রাজনৈতিক দলগুলো গত শুক্রবারও একটি নতুন সরকার গঠনে ব্যর্থ হয়েছে। এতে প্রেসিডেন্ট রাম বরণ যাদব সরকার গঠনের জন্য সময় বাড়াতে বাধ্য হয়েছেন। এখন নেপালের ২৮টি রাজনৈতিক দলকে আগামী বুধবারের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। এর পরও যদি তারা সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান করা হবে। নেপাল নিউজ ডকটম, টাইমস অব ইন্ডিয়া।