সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, সিরিয়ায় সামরিক ব্যবস্থার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তিনি গত শুক্রবার ইঙ্গিত দেন যে পেন্টাগন তার সংশ্লিষ্ট অস্ত্র-সরঞ্জাম ও বাহিনী সিরিয়ার দিকে এগিয়ে নিচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্কভাবে পা বাড়ানোর কথা বললেও শেষ পর্যস্ত সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত দিলে প্রস্তুতি হিসেবে এসব করা হচ্ছে।
সিরিয়ার সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্রের ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে চাপ বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শনিবার সিরিয়া প্রসঙ্গে করণীয় নিয়ে তাঁর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পেন্টাগন যুদ্ধের প্রস্তুতির কথা বলার এক দিন পর তিনি এ বৈঠক করলেন। এদিকে পশ্চিমা ও মুসলিম দেশগুলোর সামরিক কমান্ডাররাও সিরীয়-সহিংসতার প্রভাব নিয়ে আলোচনা করতে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠকে বসতে যাচ্ছেন।
গত শুক্রবারই ওবামা বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ একটি বড় ঘটনা এবং গভীর উদ্বেগের বিষয়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, খোঁজখবর না নিয়ে হুট করেই আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উচিত হবে না। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বাশার সরকার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করলে সে দেশে পাশ্চাত্য হস্তক্ষেপ করতে পারে।
চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন মেডিসিন সান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানায়, সিরিয়ায় তারা যেসব হাসপাতালের সঙ্গে কাজ করে, সেখানে ‘নিউরোটক্সিক লক্ষণযুক্ত’ তিন হাজার ৬০০ মানুষের চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩৫৫ জন।
এমএসএফ আরও জানায়, গত বুধবার বিদ্রোহীরা তাদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করার পর ওই দিন দামেস্কের তিনটি হাসপাতালে রোগীরা আসে। তবে তারা রাসায়নিক অস্ত্রের শিকার কি না, তা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গত বুধবার রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। ওই হামলায় কমবেশি এক হাজার ব্যক্তি নিহত হয়েছে বলে বাশারবিরোধীরা দাবি করেছে। রাসায়নিক অস্ত্র ব্যবহারের এ বিষয়টি তদন্তের পথ উন্মুক্ত করতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি অ্যাঙ্গেলা কেইন দামেস্কে পৌঁছেছেন।
মার্কিন প্রশাসন বলেছে, সিরীয় পরিস্থিতির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ওবামা দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণসহ সবগুলোর বিকল্পের ভালো-মন্দ বিচার করে দেখছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগেল গত শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট যেকোনো ধরনের বিকল্প বেছে নিতে পারেন। সেই বিষয়টিকে সামনে রেখে পেন্টাগন তার বাহিনীগুলোর অবস্থান ঠিকঠাক করে নিচ্ছে।’
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ভূমধ্যসাগরে তার উপস্থিতি সম্প্রসারিত করবে। সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্রসজ্জিত চতুর্থ একটি যুদ্ধজাহাজ যুক্ত হতে পারে।
আম্মানে আলোচনায় বসছেন সামরিক কমান্ডাররা: এদিকে জর্ডানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমা ও মুসলিম দেশগুলোর সামরিক কমান্ডাররা সিরিয়া নিয়ে আলোচনা করতে আম্মানে এক বৈঠকে বসতে যাচ্ছেন। জর্ডানের সেনাপ্রধান মেশাল মোহাম্মদ আল-জবান এবং মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার ২০টি দেশে মার্কিন কমান্ডের দায়িত্বে থাকা সেন্টকমের প্রধান জেনারেল এলয়েড অস্টিনের আমন্ত্রণে আগামী কয়েক দিনের মধ্যে এ বৈঠক হবে। মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসির পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, সৌদি আরব, কাতার ও তুরস্কের সেনাপ্রধানেরা এতে অংশ নেবেন।
ইরানের নিন্দা: সিরিয়ার মিত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের কারণে বহু নির্দোষ মানুষের মৃত্যুর ঘটনা খুবই পীড়াদায়ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দাবি করে, সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধারাই ওই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। এ বিষয়ে তাঁদের কাছে প্রমাণ আছে।
সিরিয়ার সরকারও দাবি করেছে, দামেস্কের কাছে ওই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বিদ্রোহী যোদ্ধারা। এএফপি, রয়টার্স ও বিবিসি।