সামরিক বাহিনীর সঙ্গে সু চির উষ্ণ সম্পর্কের নতুন ইঙ্গিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বুধবার প্রথমবারের মতো দেশটির সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন। দেশটিতে সাম্প্রদায়িক রক্তপাত বৃদ্ধির মুখে এই কুচকাওয়াজে সামরিক বাহিনী তার শক্তি প্রদর্শন করে।সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানী নেপিডোতে ওই কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে সু চির উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। কেউ কেউ সু চির উপস্থিতিকে সামরিক বাহিনীর সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন। দীর্ঘদিন সামরিক জান্তা দেশটির ক্ষমতায় থাকার পর বর্তমান সংস্কারপন্থী সরকার দুই বছর আগে দেশটির দায়িত্ব গ্রহণ করে।এবারের কুচকাওয়াজ এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন প্রেসিডেন্ট থেইন সেইনের সরকার দেশটিতে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহে সহিংসতায় ৪০ ব্যক্তি নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে সহিংসতাকবলিত মিকতিলা শহরে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। পরিস্থিতি স্বাভাবিক করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়। গত বছরও দেশটিতে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে কয়েক দফা সহিংসতার ঘটনা ঘটে।এই পরিস্থিতিতেও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ও মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক সু চি দীর্ঘ সময় ধরে একধরনের নীরবতা পালন করছেন। তাঁর এমন অবস্থানের কারণে বিভিন্ন দিক থেকে সমালোচনা শুরু হয়েছে। ২০১৫ সালে মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সু চি। তাঁর কুচকাওয়াজে অংশ নেওয়ার বিষয়টি সামরিক বাহিনীর সঙ্গে উষ্ণ সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত বহন করে। এর আগে গত জানুয়ারিতে সু চি বলেন, তিনি সামরিক বাহিনীকে ‘পছন্দ’ করেন। কাচিন রাজ্যে জাতিগত দ্বন্দ্ব দমন করতে গিয়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তার পরও সু চি তাঁর পছন্দের কথা জানান। এই সামরিক বাহিনীই তাঁকে দফায় দফায় প্রায় ১৫ বছর গৃহবন্দী করে রাখে। ২০১০ সালের নভেম্বরে সু চিকে মুক্তি দেওয়া হয়।সু চি কেন কুচকাওয়াজ দেখার সিদ্ধান্ত নিলেন—এমন প্রশ্নের জবাবে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনডিএল) একজন মুখপাত্র বলেন, ‘সু চিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন।’কুচকাওয়াজে উপস্থিত ছয় হাজার সেনাসদস্য ও শীর্ষস্থানীয় পর্যায়ের সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং হেইং। বক্তৃতায় দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব বজায় রাখার কথা উল্লেখ করেন তিনি। হেইং বলেন, জাতিগত দ্বন্দ্ব বা রাজনৈতিক অচলাবস্থার সময় সামরিক বাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবে।এদিকে মিয়ানমারে গতকালও সহিংস ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ও গতকাল ইয়াঙ্গুন থেকে দেড় শ কিলোমিটার উত্তরের নাটালিয়ান শহরে একটি মসজিদ ও কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মিয়ানমারের মধ্যাঞ্চলের কয়েকটি শহরে সহিংসতা ঠেকাতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।