সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে আবারও চীনের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে আবারও সাফাই গেয়েছে চীন। দেশটি যুক্তি দেখিয়েছে, সশস্ত্র বাহিনীতে তাদের বিশাল বিনিয়োগ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। যদিও অঞ্চলগত বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এ বিষয়ে উদ্বেগ রয়েছে।চীন প্রতিবছর তার সামরিক খাতের বাজেট পার্লামেন্টের বার্ষিক অধিবেশনের আগে উপস্থাপন করে থাকে। তবে এবার তার ব্যত্যয় হয়েছে। দেশটির পার্লামেন্টের আসন্ন বার্ষিক অধিবেশনে সরকারের শীর্ষ পর্যায়ে অনেক নতুন নেতার আবির্ভাব ঘটবে। গত বছরের নভেম্বর মাসে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে যেসব নেতা নির্বাচত হন, তাঁরা এই অধিবেশনের সময় দায়িত্ব গ্রহণ করবেন। চীনা পার্লামেন্ট দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের মুখপাত্র ফু ইং গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, আজ মঙ্গলবার পার্লামেন্টে সার্বিক বাজেট উপস্থাপন করা হবে। এতে সামরিক খাতের বাজেটও থাকবে।একই দিনে ক্ষমতাসীন দলটির প্রধান শি জিনপিং হু জিন তাওয়ের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি তিনি সরকারের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধানের দায়িত্বও নেবেন। চীনে এক দশক পর পর এভাবে ক্ষমতার পালাবদল ঘটে। এ ছাড়া পার্লামেন্টের এই অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ মন্ত্রণালয়গুলোতে মন্ত্রী নির্বাচনও অনুমোদন করা হবে। দুই দশক ধরেই চীনের সামরিক ব্যয় প্রতিবছর উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত বছর দেশটির সামরিক ব্যয় ১১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ডলারের অঙ্কে এটা আগের বছরের চেয়ে ১০ দশমিক ৭ বিলিয়ন বেশি। বিশ্বে চীনের চেয়ে সামরিক খাতে বেশি ব্যয় করা একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে ফু বলেন, চীন কঠোরভাবে আত্মরক্ষামূলক সামরিক কর্মকাণ্ড রক্ষা করে চলে। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের সামরিক বাহিনীর উদাহরণ দিতে গিয়ে তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশন এডেন উপসাগরে জলদস্যুতাবিরোধী টহলে তাঁদের কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।ফু আরও বলেন, ‘এত বড় একটা দেশ হিসেবে নিজেদের নিরাপত্তা রক্ষায় চীনের অক্ষমতা থাকার খবর কোনোভাবেই বিশ্বের জন্য ভালো খবর হবে না। আমাদের প্রতিরক্ষা খাত শক্তিশালী করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মরক্ষা করা; আমাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা, অন্য দেশকে হুমকি দেওয়া নয়।’ অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির চায়না স্টাডিজ বিভাগের নির্বাহী পরিচালক কেরি ব্রাউন বলেন, যদিও চীন তার সামরিক ব্যয়ের পরিসংখ্যান প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা বেশি ‘চতুর’ হয়ে পড়ছে, তার পরও তারা শিগগিরই তা প্রকাশ করবে বলে তাঁর বিশ্বাস। তিনি বলেন, ‘আপনি প্রকৃতপক্ষেই এভাবে কিছু বিষয় ঢেকে রাখতে পারেন না।’ব্রাউন ইঙ্গিত দেন, যদিও চীনে বিশাল অঙ্কের বাজেট দেশটির সামরিক খাতে চলে যাচ্ছে, তার পরও গত বছর দেশটি তার সীমান্ত ও দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অভ্যন্তরীণ নিরাপত্তা খাতেই ১১১ বিলিয়ন ডলার ব্যয় করে। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনের এ বছরের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া দক্ষিণ চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গেও চীনের বিরোধ সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ মিশনসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নতুন করে দৃষ্টি দেওয়ায় বেইজিং বিচলিত অবস্থায় রয়েছে। আল-জাজিরা।