সামরিক মর্যাদায় সমাহিত যোভাংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোভাঙ্কা ব্রোজ
যোভাঙ্কা ব্রোজ

সাবেক যুগোস্লাভিয়ার নেতা মার্শাল টিটোর বিধবা স্ত্রী যোভাংকা ব্রোজকে গতকাল শনিবার সামরিক মর্যাদায় শেষকৃত্যের পর সমাহিত করা হয়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী যোভাংকাকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের হাউস অব ফ্লাওয়ার্স স্মৃতিসৌধে স্বামী টিটোর কবরের পাশে সমাহিত করা হয়। সার্বিয়াই ২০০৬ সাল পর্যন্ত ছিল অধুনালুপ্ত বহুবিভক্ত যুগোস্লাভিয়া ফেডারেশনের শেষ উত্তরসূরি।

জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা জোসেফ ব্রোজ টিটোর স্ত্রী যোভাংকা হূদেরাগে আক্রান্ত হয়ে গত সপ্তাহে ৮৮ বছর বয়সে মারা যান।

সার্বিয়ার প্রধানমন্ত্রী আইভিচা দাসিচ শেষকৃত্যে বলেন, ‘তিনি ছিলেন আমাদের সাবেক দেশের ইতিহাসের সবচেয়ে বিশ্বাসযোগ্য সর্বশেষ সাক্ষীদের একজন।’ নাৎসিবিরোধী আন্দোলনের একজন কৃতী সদস্য হিসেবে পূর্ণ সামরিক মর্যাদায় যোভাংকার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

১৯৮০ সালে স্বামী ও যুগোস্লাভিয়ার প্রথম প্রেসিডেন্ট টিটোর মৃত্যুর পর নিভৃত জীবনযাপন শুরু করেন যোভাংকা। বিবিসি।