সামরিক হামলার পাল্টা জবাব দেবে ইরান: খামেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জানা উচিত, তেহরানের তেল রপ্তানির ওপর অবরোধ ও হামলার হুমকির পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য আমাদের আছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল সামরিক হামলা চালাতে পারে—এমন হুমকির মুখে গত শুক্রবার এসব কথা বলেন খামেনি।রাজধানী তেহরানে জুমার নামাজের সময় দেওয়া বক্তব্যে খামেনি বলেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলার পাল্টা জবাব দেওয়া হবে। সেটা সামরিক হোক বা দেশটির তেল রপ্তানির ওপর অবরোধ আরোপ, যা-ই হোক না কেন।খামেনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা শাপে বর হয়েছে। এতে তেহরানের তেল রপ্তানির পরিমাণ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিতর্কিত এ পারমাণবিক কর্মসূচি বন্ধে প্রয়োজনে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে আসছে ওয়াশিংটন।কয়েক দিন ধরে গণমাধ্যমের খবরে শোনা যাচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত। খামেনি বলেন, যুদ্ধে লিপ্ত হলে যুক্তরাষ্ট্রের পরিণাম হবে ভয়াবহ। দেশটিকে তেহরানের তুলনায় দশগুণ ক্ষতিগ্রস্ত হতে হবে।তেহরান দাবি করে আসছে, পারমাণবিক বোমা তৈরি নয়, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালানো হচ্ছে। এএফপি।