ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার সম্প্রতি ভাঙনের কবলে পড়ে। এতে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় ইউপিএ সরকারকে। কিন্তু দুর্নীতির অভিযোগে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি যখন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং, সেই মনমোহনই আকস্মিকভাবে আবির্ভূত হন একজন সাহসী ও শক্তিমান নেতা হিসেবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে।ভারতের মন্থর হয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে গত সপ্তাহে ইউপিএ সরকার অপ্রত্যাশিতভাবে সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে। এর প্রতিবাদে জোটের অন্যতম শরিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিক্ষোভ শুরু করে এবং শেষ পর্যন্ত সরকার থেকে বেরিয়ে যায়। তবে এই চাপের কাছে নত না হয়ে মনমোহন দৃশ্যত দৃঢ়তার সঙ্গে জোট সরকারকে পুনর্জীবন দান করেন।গত শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভারতের অর্থনীতির ওপর থেকে বিশ্ব আস্থা হারানোর আগে শক্ত পদক্ষেপ গ্রহণ করা তার জন্য জরুরি। তিনি বলেন, ‘দেশবাসীর স্বার্থরক্ষায় আমাদের অনেক কিছু করতে হবে। আমরা অবশ্যই এটি করব। এই মুহূর্তে দায়সারা পদক্ষেপকে আমাদের “না” বলা প্রয়োজন। অধিকতর কঠিন পদক্ষেপকে প্রয়োজনে “হ্যাঁ” বলতে হবে। এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসেছে।’মনমোহন তাঁর সমালোচকদের প্রতি অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বলেন, তিনি ভারতের উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। তাঁর এই বক্তব্যের এক দিন আগে বৃহস্পতিবার সরকারের সংস্কার কর্মসূচির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট পালিত হয়। তবে শুক্রবার মনমোহন কিছুটা রাজনৈতিক স্বস্তির নিঃশ্বাসও ফেলেন। এদিন সংস্কার কর্মসূচিবিরোধী একটি আঞ্চলিক দল মুলায়ম সিং যাদবের সমাজবাদীপার্টি জোটের বাইরে থেকে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানায়।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং দেশের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগদান ওই সংস্কার কর্মসূচির গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত। কর্মসূচি থেকে পিছু না হটার প্রতিবাদে গত বৃহস্পতিবার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তৃণমূল কংগ্রেস। পরদিন কেন্দ্রীয় সরকারে থাকা তৃণমূলের ছয়জন মন্ত্রী পদত্যাগ করেন।প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক দিলীপ পাড়গায়োনকার বলেন, ‘তিনি (মনমোহন) অর্থনৈতিক সংস্কার কর্মসূচি যেকোনো মূল্যে চালিয়ে যাবেন। এতে যদি ক্ষমতা ছাড়তেও হয়, তাতে তাঁর আপত্তি নেই।’বিশেষজ্ঞদের মতে, মনমোহন সিং যদিও এখন একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্বে রয়েছেন, তার পরও জোটের বাইরে থেকে তাঁর প্রতি রয়েছে দুটি আঞ্চলিক দলের সমর্থন। ফলে তৃণমূল বেরিয়ে গেলেও তাঁর সরকার ঝুঁকিমুক্ত।নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক জয়া হাসান বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাজের সঙ্গে হয়তো একমত পোষণ করবেন না, কিন্তু মনমোহন সিং ভারতের প্রতিষ্ঠাতা নেতা নেহরুর পর নিজেকে সবচেয়ে প্রভাবশালী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এপি।