সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো-মন্দ দুই দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির মিউনিখ শহরের এক বিপণিবিতানে গত শুক্রবারের সন্ত্রাসী হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমের ভালো-মন্দ দুই রকম ভূমিকাই দেখা যায়। পুলিশ যেমন ইন্টারনেটে প্রচারিত কাল্পনিক তথ্যের ভিত্তিতে অপরাধী খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তেমনি নগরের আতঙ্কিত মানুষের মধ্যে সংহতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্যও করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।
ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ ডেভিড আলি সনবোলির (১৮) বেপরোয়া গুলিতে নয়জন নিহত ও ১৬ জন আহত হয়। তাঁর এ হামলার ঘটনার পর দীর্ঘ সময় ধরে মিউনিখ শহর অবরোধ করে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা প্রচার করে কর্তৃপক্ষ। জার্মান, ইংরেজি ও ফরাসি ভাষায় পুলিশ টুইট করে, ‘আমরা হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তারের চেষ্টা করছি। সন্দেহভাজন লোকগুলো এখন পলায়নপর। নগরের কেন্দ্রস্থলে বন্দুকযুদ্ধ হচ্ছে। অনুগ্রহ করে আপনারা জনসমাগমের স্থান এড়িয়ে চলুন।’
এদিকে টুইটারে সাধারণ মানুষও নানা ধরনের ‘অভিজ্ঞতা’ নানা রূপে ছড়িয়ে দিতে থাকে। এতে পুলিশের পক্ষে সার্বিক পরিস্থিতি আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। কারণ, লোকজনের কিছু বর্ণনার মধ্যে সত্য ও কল্পনার ফারাক করা কঠিন ছিল। আবার ঘটনার অনেক কথিত প্রত্যক্ষদর্শীর বিবরণ, ছবি এবং ভিডিও-ও দ্রুত অনলাইনে প্রকাশিত হতে শুরু করে। এসবের মধ্যে পুলিশি অভিযানের অনেক দৃশ্যও মিশে যায়। একপর্যায়ে হামলাকারীর সংখ্যা একাধিক বলে ভাবতে থাকে পুলিশ।
মিউনিখের পুলিশপ্রধান হুবার্টাস আন্ড্রে গত শনিবার রাতে বলেন, বিপুল পরিমাণ তথ্য যে রকম দ্রুততায় ইন্টারনেটে ছড়িয়ে পড়ছিল, সেগুলোর সত্যতা যাচাইসাপেক্ষ ছিল। কিন্তু খতিয়ে দেখার কাজটা জরুরি হলেও ওই পরিস্থিতিতে তা করা ছিল খুবই কঠিন।