সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ন্ত্রণের উদ্যোগ ভারতের
গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইউটিউব, ইয়াহুসহ ২১টি ইন্টারনেট ফার্মের বিষয়বস্তু আপত্তিকর ও উসকানিকমূলক অভিযোগ করে তা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। সরকারের এই উদ্যোগকে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা দমনের পদক্ষেপ হিসেবে দেখছেন কেউ কেউ।ভারতের কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় গত শুক্রবার নয়াদিল্লির একটি আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের বিষয়বস্তু জনগণকে উসকানি দিতে পারে, এমনকি ভারতের ঐক্য বিনষ্ট করতে পারে।নয়াদিল্লিভিত্তিক একজন সাংবাদিক সামাজিক ওয়েবসাইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেন, নানা ধরনের অপরাধ, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীল বিষয়বস্তু থাকায় এসব ওয়েবসাইট বিচারের আওতায় আনা উচিত।আদালতে দেওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামাজিক ওয়েবসাইটের বিষয়বস্তু খতিয়ে দেখেছে। এতে এসব ওয়েবসাইট বিচারের আওতায় আনার মতো বিষয়বস্তুও পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব ওয়েবসাইটে পাওয়া অনেক নথি ও বিষয়বস্তু বিভিন্ন গোষ্ঠী, ধর্ম, বর্ণের মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে প্ররোচনা দেয়। আদালত আগামী ১৩ মার্চ ওই ২১টি ইন্টারনেট ফার্মের বিষয়বস্তু হাজির করার নির্দেশ দিয়েছেন।সরকারের এই উদ্যোগে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিনাক্ষী লেখি। তিনি বলেন, এই উদ্যোগ ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর প্রভাব ফেলবে। ভারতের সাইবার আইন বিশেষজ্ঞ পবন ডুগাল বলেন, ভারতের তথ্যপ্রযুক্তি আইনে ইন্টারনেট কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে বিষয়বস্তু আপলোড করার জন্য টেলিকম অপারেটর বা অন্য কোনো সংস্থাকে দোষারোপ করতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ ইঞ্জিন গুগলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারত সরকারের এই পদক্ষেপ ওয়েবসাইটে স্বাধীন মতপ্রকাশের বিরোধী।