
বাবরি মসজিদ ধ্বংস দিবসকে সামনে রেখে আজ শুক্রবার কলকাতায় বামফ্রন্টের উদ্যোগে পালিত হয় সাম্প্রদায়িকতাবিরোধী দিবস। এ উপলক্ষে বিকেলে কলকাতার শহীদ মিনার প্রাঙ্গণে বামফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সমাবেশ। এই সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার প্রত্যয় ঘোষণা করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানান হয়।
সমাবেশে বক্তব্য দেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় সম্পাদক প্রকাশ কারাত, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিআইয়ের সাবেক কেন্দ্রীয় সম্পাদক এ বি বর্ধন, ফরোয়ার্ড ব্লকের সর্বভারতীয় সম্পাদক দেবব্রত বিশ্বাস, আরএসপির নেতা ক্ষিতি গোস্বামী প্রমুখ।
সমাবেশ শুরু হয় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণের মধ্য দিয়ে। পরে তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে আজ তৃণমূল কংগ্রেসের যুব ইউনিট তৃণমূল যুবার উদ্যোগেও পালিত হয় সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানান।
এর আগে দুপুরে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের সামনের ছাতিমতলায় ভাষা ও চেতনা সমিতিসহ কলকাতার ১৩টি সাংস্কৃতিক দলের উদ্যোগে পালিত হয় সাম্প্রদায়িকতাবিরোধী সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। আলোচনায় অংশ নেন চিত্র পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা বাদশা মৈত্র, চন্দন সেন প্রমুখ। এ সমাবেশ থেকে এ উপমহাদেশে জনগণের মৈত্রী বন্ধন দৃঢ় করার আহ্বান জানান হয়।