ভারতের সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার লক্ষ্যে এবার বাম দলের উদ্যোগে রাজধানী দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী কনভেনশন। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় ভারতের অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িকতাবিরোধী শক্তিকে এক মঞ্চে আনার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ওই কনভেনশনের।
কনভেনশনে চারটি বামদল সিপিআই, সিপিএম, ফরোয়ার্ড ব্ল¬ক, আরএসপিসহ ১৪টি রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধিরা যোগ দেন। এতে উপস্থিত ছিলেন সংযুক্ত জনতা দল নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ওডিশার নবীন পট্টনায়েকের বিজু জনতা দল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারী জয়ললিতার এআইএডিএমকে, আসামের অসম গণপরিষদ, মহারাষ্ট্রের শারদ যাদবের এনসিপি, কর্ণাটকের দেবগৌড়ের ধর্মনিরপেক্ষ জনতা দলের প্রতিনিধিরাও ছিলেন কনভেনশনে। কনভেনশনে বক্তারা ভারতে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার লক্ষ্যে একটি ধর্মনিরপেক্ষ মঞ্চ গড়ার ওপর গুরুত্ব দেন।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।