সাম্য, ক্ষমা ও মানবতার আদর্শ সমুন্নত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্য, ক্ষমা ও মানবতার আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল রোববার বিশ্বজুড়ে পালিত হয়েছে বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৯২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রথমবার ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ পালন করেছে জাতিসংঘ। ২০০৯ সালে দিনটিকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ ঘোষণা করা হয়।দক্ষিণ আফ্রিকাবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে ম্যান্ডেলার ভক্ত ও সমর্থকেরা মহান এই নেতার জন্মদিন পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। ম্যান্ডেলাকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিশ্বনেতারা। দিনটি পরিবারের সঙ্গে কাটান ম্যান্ডেলা। পরিবারের সদস্যরা জানান, জন্মদিন উপলক্ষে ম্যান্ডেলার গ্রামের বাড়ি থেকে প্রায় ১০০ শিশু তাদের প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটিয়েছে।ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল বলেন, ‘তিনি (ম্যান্ডেলা) বেশ ভালো আছেন। তবে বুঝতে পারছেন, তাঁর বয়স হয়েছে। তিনি আগের চেয়ে দুর্বল হয়ে গেছেন কিন্তু তাঁর মনোবল এখনো চাঙা রয়েছে। তাঁর জন্য কেক আনা হয়েছে। পরিবারের সবাই মিলে কেক কেটে আমরা জন্মদিন পালন করব।’ প্রতিবেশী ও স্থানীয় লোকজন ম্যান্ডেলাকে একটুখানি দেখার জন্য তাঁর বাড়ির চারপাশে ভিড় করেন।ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়, ঘরে, কর্মক্ষেত্রে বা উপাসনালয়ে যে যেখানেই থাকুন তাঁরা যেন দিনের অন্তত ৬৭ মিনিট সময় কোনো গঠনমূলক কাজে ব্যবহার করেন, বিশেষ করে অসহায় ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য।এ ব্যাপারে ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্তি আহতিসারি বলেন, ‘নেলসন ম্যান্ডেলা মানুষের অধিকার আদায়ে তাঁর জীবনের ৬৭টি বছর উৎসর্গ করেছেন। আসুন, আমরাও চেষ্টা করি বিশ্বকে আরেকটু ভালো অবস্থায় নেওয়ার জন্য আমাদের জীবনের অন্তত ৬৭ মিনিট ব্যয় করি।’ প্রখ্যাত আন্তর্জাতিক নেতাদের নিয়ে গঠিত দল ‘দ্য এলডারস’-এর সদস্য আহতিসারি। ২০০৮ সালে এই দলটি গঠন করেন ম্যান্ডেলা।এদিকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘নেলসন ম্যান্ডেলা একজন মহান ব্যক্তি। মানবতা ও জাতিসংঘের মূল্যবোধগুলোর সর্বোচ্চ প্রকাশ ছিল তাঁর কাজে। অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে ম্যান্ডেলা তাঁর লক্ষ্য বাস্তবায়ন করেছেন। আজ প্রথম আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবসে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা অর্জনে তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাই আমরা।’গতকাল ম্যান্ডেলার জন্মস্থান এমভেজোতে কয়েক হাজার ভক্ত প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। সমাবেশে ভাষণ দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। জন্মদিন উপলক্ষে ৩০ জন সাইকেল চালকের একটি দল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কেপ টাউন পর্যন্ত সাইকেল চালিয়ে যান এবং পথে বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। হলিউডের অভিনেতা মরগ্যান ফ্রিম্যানও এই দলে ছিলেন।সুদানে ‘ফুটবল ফর পিস’ নামের একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্পেনে দিবসটি পালন উপলক্ষে ৬ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন ম্যান্ডেলার অনুসারীরা। এ ছাড়া কাজাখস্তান, জাম্বিয়া ও অন্যান্য দেশেও দিবসটি পালন করা হয়।দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে আন্দোলন করতে গিয়ে ২৭ বছর কারাগারে কাটান নেলসন ম্যান্ডেলা। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি জনসমক্ষে আসা কমিয়ে দেন। এএফপি।