সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ‘সাম্রাজ্যবাদের’ বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। পাশাপাশি তেহরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞারও সমালোচনা করেন বামপন্থী নেতা চাভেজ।ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘ-সমর্থিত রিও+২০ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গত শুক্রবার ভেনেজুয়েলার কারাকাসে পৌঁছান ইরানি নেতা আহমাদিনেজাদ। প্রেসিডেন্ট চাভেজ এ সময় তাঁকে স্বাগত জানান। পরে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে দুই নেতা বৈঠক করেন।বৈঠকে আহমাদিনেজাদ বলেন, ‘আমরা আমাদের দেশ পুনর্গঠন এবং সব ধরনের সাম্রাজ্যবাদী চাপ অগ্রাহ্য করব।’ প্রতিক্রিয়ায় চাভেজ বলেন, ‘অবরোধ, হুমকি, একতরফা নিষেধাজ্ঞা...এমন সব সাম্রাজ্যবাদী আচরণ চাপিয়ে ইরানের অগ্রগতিতে যে বাধার সৃষ্টি করা হয়েছে, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা তেহরান চালাবে বলেও আমরা বিশ্বাস করি।’চাভেজ এক বছরের বেশি সময় ধরে ক্যানসার থেকে সেরে ওঠার লড়াই করছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হতে এ মুহূর্তে তীব্র প্রতিদ্বন্দ্বিতারও সম্মুখীন তিনি। এ অবস্থায়ও সন্দেহজনক পরমাণু কর্মসূচি ঘিরে ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে থাকা মিত্র দেশ ইরানের প্রতি তিনি ‘সংহতি’ প্রকাশ করেছেন।এদিকে পশ্চিমা শক্তি ও ইরানের মধ্যকার সম্পর্কের অচলাবস্থা বাড়তে থাকার প্রেক্ষাপটে ইরান লাতিন আমেরিকার অনেক দেশসহ দূরদূরান্তের রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার চেষ্টা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ভেনেজুয়েলা সফর করছেন আহমাদিনেজাদ।যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী মনোভাব পোষণকারী উভয় নেতা শুক্রবারের বৈঠকে বিভিন্ন বিষয়ে নিজেদের সহযোগিতার ব্যাপারটি পুনর্মূল্যায়ন করেন। ভেনেজুয়েলায় ১৪ হাজার বাড়ি নির্মাণে সহযোগিতার জন্য চাভেজ বৈঠকে আহমাদিনেজাদকে ধন্যবাদ জানান। এএফপি।