সাময়িক থমকে গেলেও চিন্তিত নয় ভারত
যুক্তরাজ্যের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে দেওয়া রায়ের ধাক্কায় ভারতীয় শিল্প ও বাণিজ্য-বাজার সাময়িকভাবে থমকে গেছে। তবে অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন অভয় দিয়ে বলেছেন, চিন্তার কারণ নেই।
যুক্তরাজ্যের জনগণের ৫১ শতাংশের রায় গতকাল শুক্রবার সকালেই ভারতের শেয়ারবাজার টালমাটাল করে তোলে। সেনসেক্স এগারো শ পয়েন্ট পড়ে যায়। নিফটি ঝেড়ে ফেলে আড়াই শ পয়েন্ট। ডলারের তুলনায় রুপির বিনিময় মূল্য মারাত্মকভাবে কমে যায়। বাজারকে ধাতস্থ করতে অর্থমন্ত্রী অরুণ জেটলি বিবৃতি দেন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন রুপির পতন রুখতে বাজারে ডলারের জোগান বাড়িয়ে দেন। ফলে পতন বেশ কিছুটা রোধ হয়। ডলারের তুলনায় টাকার দাম ৬৮ দশমিক ২১ থেকে বেড়ে ৬৭ দশমিক ৭৯-তে থিতু হয়। তবে চিন্তায় থাকল টাটা মোটরস বা টাটা স্টিল কিংবা বেশ কিছু তথ্যপ্রযুক্তি কোম্পানি, যাদের শেয়ার গণভোটের ধাক্কায় ৮ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। টাটার উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ আছে যুক্তরাজ্যে।
অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল এক বিবৃতিতে বলেন, এই চ্যালেঞ্জের মোকাবিলায় ভারত প্রস্তুত। স্বল্প ও মধ্য মেয়াদে এই গণভোটের প্রভাব কাটাতে বিশেষ বেগ পেতে হবে না। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার যথেষ্ট স্ফীত। অর্থনীতিতে যে ধরনের শৃঙ্খলার প্রয়োজন, ভারতে তা রয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। প্রবৃদ্ধিও আশানুরূপ। দেশ-বিদেশের বিনিয়োগকারীরা যে ধরনের স্থিতিশীলতা দাবি করেন, ভারতে তা উপস্থিত।
রঘুরাম রাজনও এক বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতির কাঠামো এতটাই মজবুত যে মারাত্মক কোনো আশঙ্কার কারণ নেই। পরিস্থিতির মোকাবিলায় যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেওয়ার ক্ষমতা ও উপায় ভারতের রয়েছে।