সারকোজি অভিযুক্ত, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
আইনজীবীদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটার দিকে একটি কালো গাড়িতে চড়ে নাতেরির থানায় যান সারকোজি। তদন্ত কর্মকর্তারা তাঁকে আটকে রেখে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এরপর আজ বুধবার সকালে তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ফ্রান্সে ফৌজদারি তদন্তে কোনো সাবেক প্রেসিডেন্টকে এভাবে আটক, জিজ্ঞাসাবাদ ও অভিযোগ গঠনের এটাই প্রথম ঘটনা। অভিযোগ প্রমাণিত হলে সারকোজির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন তিনি। এই মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পথে।
সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে থাকা একটি মামলার গোপন তথ্য বের করে আনার চেষ্টার অভিযোগে আগের দিন তাঁর এক আইনজীবী এবং তাঁর আমলের দুজন হাকিমকে জিম্মায় নেওয়া হয়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। গভীর রাতে আদালতে তাঁদের হাজির করা হয়। দুজনের বিরুদ্ধে মামলার তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টায় অভিযোগ গঠন করেন আদালত।
তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন, সারকোজি হাকিমদের কোনো একজনের কাছ থেকে মামলার তদন্ত সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেছিলেন। এর বিনিময়ে ওই বিচারককে মোনাকোতে আদালতে উচ্চপদে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।
সারকোজির বিরুদ্ধে আরেকটি অভিযোগ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জয়ী হওয়ার পেছনে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির একটি বড় আর্থিক ভূমিকা ছিল। তিনি সারকোজিকে পাঁচ কোটি ইউরো দিয়েছিলেন।
এ ছাড়া ফ্রান্সের সবচেয়ে ধনী নারী ল’অরিয়েলের মালিক লিলিয়ান বেতোঁকুর কাছ থেকেও নগদ অর্থসহায়তা পান। তবে তিনি এই আর্থিক সুবিধার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যয় হওয়া এক কোটি ইউরো পরিমাণ অর্থ তিনি দলীয় খরচ হিসেবে দেখান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর দল ইউএমপির এক নেতা গত মাসে পদত্যাগ করেন। এসব অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি কেলেঙ্কারির অভিযোগের তদন্ত চলছে।