জনমত জরিপের ফলাফলই শেষ পর্যন্ত প্রতিফলিত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে। পরাজয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির। তাঁকে হারিয়ে প্রেসিডেন্ট হলেন ফ্রাঁসোয়া ওলাঁদ। গত প্রায় দুই দশকের মধ্যে তিনিই হলেন দেশটির প্রথম সোশ্যালিস্ট প্রেসিডেন্ট। গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়। ওলাঁদের এ বিজয়ের মধ্য দিয়ে ইউরোপের রাজনীতিতেও পরিবর্তনের সূচনা হলো। ফ্রান্সের পাশাপাশি গোটা ইউরোপের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে সোশ্যালিস্টদের এ বিজয় বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মধ্য বামপন্থী ওলাঁদ (৫৭) দ্বিতীয় দফার নির্বাচনে ৫২ শতাংশ ভোট জিতেছেন। আর সারকোজি জিতেছেন ৪৮ শতাংশ ভোট। ১৯৯৫ সালে ফ্রাঁসোয়া মিতেরার পর ওলাঁদই হলেন ফ্রান্সের প্রথম সোশ্যালিস্ট প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণার ঘণ্টা খানেক আগেই ওলাঁদের বিজয়ের খবর লোকমুখে ছড়িয়ে পড়ে। এ সময় ওলাঁদের নিজ শহর তুলে ও রাজধানী প্যারিসে দলীয় সদর দপ্তরের সামনে সমর্থকেরা ভিড় করতে শুরু করে। উল্লাস করতে থাকে তারা। গতকাল রাত আটটায় ভোট গ্রহণ শেষ হওয়ার আগে প্রকৃত ব্যালটের নমুনা গণনার ভিত্তিতে এ ফলাফল করা হয়। এর আগে গত ২২ এপ্রিল প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারকোজির (২৭ দশমিক ১৮) চেয়ে ১ দশমিক ৪৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন ওলাঁদ (২৮ দশমিক ৬৩)। কেউ প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় গতকাল দ্বিতীয় দফার ভোট হয়। প্রথম দফার নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফলে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেন। গতকাল ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় ৩০ শতাংশ ভোট পড়ে। এ গতি প্রথম দফার ভোটের চেয়ে বেশি, কিন্তু ২০০৭ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে কম। চার কোটি ৬০ লাখের বেশি ভোটারের দেশ ফ্রান্সে গতকাল ৮০ শতাংশ বা এর আশপাশে ভোট পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রথম দফার নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে।শুরু থেকেই বিভিন্ন জরিপে সারকোজির চেয়ে এগিয়ে ছিলেন ওলাঁদ। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গত শুক্রবারও এক জরিপে ৪ শতাংশ এগিয়ে ছিলেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট সারকোজি মধ্য ডানপন্থী ইউনিয়ন ফর এ পপুলার মুভমেন্ট (ইউএমপি) দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এএফপি।