সারকোজির অবৈধ অনুদান গ্রহণের তদন্ত হচ্ছে
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে সে দেশের একজন ধনবতী নারীর কাছ থেকে অবৈধ উপায়ে অনুদান গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত করা হবে। গত বৃস্পতিবার আদালত এই আদেশ দেন।সারকোজি ২০০৭ সালে নির্বাচনী প্রচারণার সময় এল’অরিয়েলের উত্তরাধিকারী লিলিয়েন বেত্তেনকোর্টের (৯০) কাছ থেকে হাজার হাজার ইউরো অনুদান গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করে আসছেন।অভিযোগ তদন্তের সিদ্ধান্তকে ‘অসংলগ্ন ও অন্যায্য’ দাবি করে সারকোজির আইনজীবী বলেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।হাকিম জাঁ-মাইকেল জেনটিলের নেতৃত্বে এই তদন্ত করা হবে। সারকোজির বিরুদ্ধে সমন জারি করেছেন তিনি। সমন অনুযায়ী সারকোজিকে বোর্দো শহরে লিলিয়েনের মুখোমুখি করা হবে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সারকোজি ২০০৭ সালে কতবার লিলিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন, তা খতিয়ে দেখা হবে।এর আগে সারকোজি দাবি করেন, ওই বছর মাত্র একবারই লিলিয়েনের সঙ্গে তাঁর দেখা হয়। সরকারি কৌঁসুলি বলেছেন, বৃহস্পতিবার শুনানি শেষে সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আদেশ দেন আদালত। বিবিসি।