সারকোজির ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ৩১ সদস্যের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে বহাল রয়েছেন ফ্রাসোঁয়া ফিঅঁন। এ ছাড়া অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আগের পদে বহাল রয়েছেন। তবে পদ হারিয়েছেন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী। নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক বিচারমন্ত্রী মিশেল অ্যালিয়ট-মেরি। প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী অ্যালায়ান জুপি।২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসিডেন্ট সারকোজি। ওই নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগেই তিনি মন্ত্রিসভা পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার আগেই মন্ত্রিসভার সদস্যরা গত শনিবার পদত্যাগ করেন। পেনশন আইন সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক মাস ধরে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে। এর অংশ হিসেবে মন্ত্রিসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেন প্রেসিডেন্ট সারকোজি।বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী মধ্য ডানপন্থী নেতা হার্ভে মোরিন নতুন মন্ত্রিসভায় কোনো দায়িত্ব পাননি। তিনি মন্ত্রিসভা রদবদলের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ফ্রান্সে গণতন্ত্রের জন্য ভারসাম্য প্রয়োজন। ২০১০ সালের এপ্রিল থেকে ফ্রান্সে এই নীতি থেকে বিচ্যুত রাষ্ট্রপ্রধান। এ কারণেই নতুন মন্ত্রিসভায় আমাকে রাখা হয়নি।’ আগামী নির্বাচনে তিনি সারকোজির বিরুদ্ধে লড়াইয়ের চিন্তাভাবনা করছেন বলে জানান।নতুন মন্ত্রিসভায় আদিবাসীদের প্রতিনিধিত্বও কমে গেছে। উত্তর আফ্রিকার বংশোদ্ভূত নগর উন্নয়নমন্ত্রী ফাদেলা অ্যামারা ও সেনেগাল বংশোদ্ভূত ক্রীড়ামন্ত্রী রমা ইয়াদি নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৩৭ থেকে কমিয়ে ৩১ করা হয়েছে। তহবিল তছরুপের কলঙ্ক মাথায় নিয়ে চাকরি হারিয়েছেন সারকোজির অনুগত শ্রমমন্ত্রী এরিক উয়ার্থ। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সারকোজির দল ইউএমপির বিদায়ী প্রধান জেভিয়ার বার্তনার্দ।সোশ্যালিস্ট নেতা মার্টিন উর্বি মন্ত্রিসভা রদবদলের সমালোচনা করে বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যাখ্যাত হয়েছে। তিনি বলেন, ফরাসিরা সরকারের নীতিতে পরিবর্তন আশা করছিল। কিন্তু নতুন মন্ত্রিসভার মধ্য দিয়ে প্রমাণিত হলো, সরকার জনগণের প্রত্যাশা পূরণ করেনি। এএফপি।