সারতে এনটিসির অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার দ্য ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সারতে অভিযান আপাতত বন্ধ রেখেছে। এদিকে গাদ্দাফির অনুগতদের নিয়ন্ত্রণে থাকা শহর বনি ওয়ালিদ শহরে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।গাদ্দাফির ছেলে মুতাসিম গাদ্দাফি সারতে শহরে ও সাইফ আল ইসলাম বনি ওয়ালিদ শহরে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মুয়াম্মার গাদ্দাফিও বনি ওয়ালিদে রয়েছেন বলে ধারণা করছে এনটিসি।এনটিসির আল-কাবরা ব্রিগেডের কমান্ডার ওয়ালিদ আল-ফেতুরি বলেন, সারতে শহরে নতুন করে হামলা শুরু করার আগে পলায়নরত বেসামরিক লোকজনের জন্য রাস্তাঘাট পরিষ্কার করছেন তাঁরা।সারতে থেকে বার্তা সংস্থা এএফপিকে ফেতুরি বলেন, প্রথম সমস্যা হচ্ছে শহরের ভেতরে শিশু ও বেসামরিক লোকজন রয়েছে। এ জন্য তাঁরা রকেট কিংবা ভারী গোলা ব্যবহার করতে পারছেন না। তিনি বলেন, তবে প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহার করছে। ফেতুরি বলেন, তাঁরা ধাপে ধাপে শহর থেকে পরিবার ও শিশুদের বের করে আনার চেষ্টা করছেন।লড়াইয়ের অগ্রভাগে থাকা এনটিসি যোদ্ধাদের ধারণা, গাদ্দাফির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তাঁর ছেলে মুতাসিম গাদ্দাফি সারতের দক্ষিণ উপকণ্ঠে লুকিয়ে আছেন।বনি ওয়ালিদে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন গাদ্দাফির অনুগত যোদ্ধারা। গতকাল সোমবার শহরটিতে গাদ্দাফির অনুগতদের সঙ্গে এনটিসির যোদ্ধাদের তুমুল লড়াই হয়। এর আগে গত রোববার এনটিসির যোদ্ধারা শহরে প্রবেশের পর পিছু হটে যায়।গতকাল এনটিসির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ কেনশিল বলেন, আজ সকালে বিপ্লবীরা বনি ওয়ালিদে প্রবেশ করে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছে। তিনি বলেন, বনি ওয়ালিদের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আগামী দুই দিনের মধ্যে শেষ হবে।এনটিসির কর্মকর্তারা বলছেন, গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বনি ওয়ালিদে লুকিয়ে আছেন। কেনশিল বলেন, সাইফ আল ইসলামকে বনি ওয়ালিদে দেখা গেছে। এটা শতভাগ নিশ্চিত। তিনি বলেন, তাঁরা ৭০ ভাগ নিশ্চিত যে মুয়াম্মার গাদ্দাফিও বনি ওয়ালিদে লুকিয়ে আছেন।এদিকে রাজনৈতিক ফ্রন্টে ধাক্কা খেয়েছে এনটিসি। মন্ত্রণালয় নিয়ে শেষ মুহূর্তের বিরোধের কারণে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা স্থগিত করা হয়েছে। গত রোববার সদস্যদের নাম ঘোষণা করার কথা ছিল। এনটিসির নেতা মাহমুদ জিবরিল সাংবাদিকদের বলেন, নতুন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।বিমানে গোলা নিক্ষেপ: গত শনিবার বনি ওয়ালিদ শহরে ত্রাণ ফেলার সময় তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান লক্ষ্য করে নিচ থেকে গোলা ছোড়া হয়েছে। তবে বিমানটি নিরাপদে তুরস্কের ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাতোলিয়া গতকাল এ কথা জানায়।গাদ্দাফির অনুগতদের শক্তিশালী ঘাঁটি বনি ওয়ালিদ থেকে ১৭ জন ভাড়াটে সেনাসদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম। আটক হওয়া সেনাসদস্যদের মধ্যে ফরাসি এবং যুক্তরাজ্যের প্রযুক্তি বিশেষজ্ঞ ও পরামর্শক রয়েছেন বলে তিনি জানান। সিরিয়ার অ্যারাই টেলিভিশনকে মুসা ইব্রাহিম বলেন, তাঁদের মধ্যে বেশির ভাগই ফ্রান্সের নাগরিক। আরও রয়েছে এশিয়ার একজন, যুক্তরাজ্যের দুজন ও কাতারের একজন নাগরিক। পরে এই ১৭ জনকে টেলিভিশনে দেখানো হবে।মুসা ইব্রাহিমের দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।অন্যদিকে অ্যারাই টেলিভিশনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, গাদ্দাফির বাহিনী ন্যাটোর কয়েকজন সেনাকে আটক করেছে। তবে ন্যাটো এ দাবি অস্বীকার করেছে। এএফপি।