সারদা কাণ্ডে রিমান্ডে কুনাল ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বহুল আলোচিত সারদা কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূল সাংসদ ও সারদা গোষ্ঠীর সাবেক মিডিয়া সেলের প্রধান কুনাল ঘোষের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালত। আজ রোববার দুপুরে উভয় পক্ষের শুনানির পর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার রাতে কুনাল ঘোষকে গ্রেপ্তার করে দক্ষিণ বিধাননগর পুলিশ। আজ ভোর পাঁচটায় পুলিশ কুনালের বাড়িতে তল্লাশি চালায় এবং তাঁর ব্যবহূত কম্পিউটারটি বাজেয়াপ্ত করে। এদিকে কুনাল ঘোষ গতকাল রাতেই ফেসবুকে সারদা কাণ্ডের তদন্তে সাহায্য করতে পারেন এমন ১২ জনের নাম প্রকাশ করেছেন। এই ১২ জন হলেন সাংসদ শুভেন্দু অধিকারী, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মদন মিত্র, কেডি সিং, সাংসদ মুকুল রায়, ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক সাংসদ সঞ্জয় বোস, সাংসদ টুটু বোস, সৌমিক বোস, বিধাননগর পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী, তাঁর স্বামী বুয়া চক্রবর্তী (সমীর), আসিফ খান, রজত মজুমদার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                                   

কুনাল ঘোষের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তারের পর কুনাল ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পেছনে রয়েছে গভীর চক্রান্ত। তিনি আরও বলেন, তিনি একজন মিডিয়াকর্মী এবং কোনোভাবেই চিট-ফান্ডের সঙ্গে জড়িত নন। তাঁর বিরুদ্ধে একতরফা মামলা সাজানো হয়েছে। সারদা কাণ্ডের দায় পশ্চিমবঙ্গ সরকার এড়াতে পারে না।

এদিকে কুনাল ঘোষ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে লেখা একটি চিঠিতে সারদা কাণ্ডের তদন্তের জন্য সিবিআইয়ের (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) অন্তর্ভুক্তি দাবি করেছেন। অন্যদিকে আজ কংগ্রেস, সিপিএম বিজেপির তরফ থেকেও সারদা কাণ্ডের তদন্তে সিবিআইয়ের অন্তর্ভুক্তি দাবি করা হয়েছে।