‘সারদা কেলেঙ্কারি’কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ছয় বিশিষ্ট নেতার কাছে গতকাল শুক্রবার ব্যাখ্যা চেয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ ইডি কালো টাকার লেনদেন আটকানো ও উদ্ধারের কাজটি করে। লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের সময় দলের নেতাদের ইডির চিঠি অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে।
তৃণমূলের যে ছয় নেতাকে ইডি চিঠি দিয়েছে, সে তালিকায় রাজ্যের একজন মন্ত্রী, সাবেক এক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যসভার সাংসদ এবং সংবাদপত্রের মালিক, শিল্পী ও নাট্যকর্মী রয়েছেন। ওই কেলেঙ্কারিতে সারদার মালিক সুদীপ্ত সেন এবং রাজ্যসভায় তৃণমূলের সাংসদ কুণাল ঘোষ অনেক দিন ধরেই রাজ্য পুলিশের হেফাজতে কারাগারে রয়েছেন। কিন্তু বারবার চেষ্টা করেও এনফোর্সমেন্ট অফিসাররা সুদীপ্ত সেনকে জেরা করার সুযোগ পাননি। এ ব্যাপারে রাজ্য পুলিশ সহযোগিতার পরিবর্তে রীতিমতো বাধা দিয়ে চলেছে বলে আগেই কলকাতা হাইকোর্টে অভিযোগ এনেছেন এনফোর্সমেন্ট দপ্তরের কর্মকর্তারা।
গত বুধবার ইডির কর্মকর্তারা রাজ্য পুলিশকে না জানিয়ে সুদীপ্ত সেনের দ্বিতীয় স্ত্রী পিয়ালি সেন এবং তাঁর প্রথম স্ত্রীর ছেলে শুভজিৎ সেনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তাঁদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে যে সব নথিপত্র পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই দুজনের মোট সম্পত্তির পরিমাণ (মূলত জমি ও বাড়ি) ১০৫ কোটি টাকারও বেশি। এখনো সারদা গোষ্ঠীর হাতে থাকা কয়েক শ কোটি টাকার খোঁজ মেলেনি। এই অবস্থায় পিয়ালি ও শুভজিৎকে জেরা করার মধ্যেই এই রাজনৈতিক নেতাদের কাছে চিঠি পাঠানো থেকে ইঙ্গিত মিলছে, সারদা কেলেঙ্কারিতে জড়িত রাজনৈতিক নেতাদের নিয়েও এবার তদন্ত শুরু হচ্ছে।
২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে সারদা আর্থিক কেলেঙ্কারির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এ কেলেঙ্কারির তদন্ত রাজ্য সরকারের সিআইডির হাতেই থাকবে, নাকি কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে, এ নিয়েই সেখানে শুনানি চলছে। কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল নেতাদের যোগসাজশের ব্যাপারে ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে নতুন তথ্য পেশ করা হলে সিবিআই তদন্ত ঠেকানো রাজ্য সরকারের জন্য কঠিন হবে। শুরু থেকেই তদন্তভার সিবিআইকে দেওয়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবারের নির্বাচনী প্রচারে বিদায়ী কংগ্রেস সরকারকে ‘দুর্নীতির আখড়া’ আখ্যায়িত করছেন। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে মমতার সরকারকে বলা হচ্ছে ‘দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের উজ্জ্বল নজির’। এবার সারদা কেলেঙ্কারিতে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের নাম সামনে এলে দুর্নীতির দায় মমতার দলও এড়াতে পারবে না। সিবিআই তদন্তভার হাতে নিলে তারা সহজেই তৃণমূল নেতাদের জেরা করতে পারবে, প্রয়োজনে গ্রেপ্তারও করতে পারবে। ভোটের মধ্যে সে রকম কিছু যাতে না হয়, তা নিয়ে দলের শীর্ষ নেতারা এখন রীতিমতো দুশ্চিন্তায়।
শুধু সারদা কাণ্ডই নয়, সুপ্রিম কোর্টের কাছে আরও একটি মামলা আসছে, যা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়াতে পারে। গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জনসভায় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা করতে হবে, তাদের হত্যা করতে হবে। পুলিশ যদি বাধা দেয়, তাহলে পুলিশেরও হাত-পা কেটে দিতে হবে। অনুব্রতের হুমকির পরপর বীরভূমের পাড়ুই গ্রামে সাগর ঘোষ নামের এক স্বতন্ত্র প্রার্থী তৃণমূলের সমর্থকদের হাতে খুন হন। নিহত সাগর ঘোষের ছেলে পুলিশের কাছে অনুব্রতের নামে অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি, বরং ভয় দেখিয়ে সাদা কাগজে সই নিয়ে অন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী দুই পুলিশ কর্মকর্তাকে ‘লাই ডিটেক্টর’ দিয়ে পরীক্ষা করার দাবি উঠলে অসুস্থতার কারণ দেখিয়ে তাঁরা ওই পরীক্ষা দিতে অস্বীকার করেন। মুখ্যমন্ত্রী মমতা বিধানসভায় দাঁড়িয়ে অনুব্রতকে ‘ভালো ছেলে’ বলে সার্টিফিকেট দেন। সম্প্রতি, বীরভূমে প্রচারণায় মমতা ও অনুব্রতকে একই মঞ্চে বারবার দেখা গেছে। অনুব্রতের সেই ভাষণের ভিডিও ক্লিপিং দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্য পুলিশের প্রধানের কাছে জানতে চান, তৃণমূল নেতাকে ধরা হচ্ছে না কেন? ভোটের মুখে অনুব্রত গ্রেপ্তার হলে দলের মনোবল ধাক্কা খাবে, এই আশঙ্কায় তড়িঘড়ি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করে তৃণমূল। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি রায় দেন, আগামী তিন সপ্তাহ অনুব্রতকে ধরা যাবে না (বীরভূমে ভোট ৩০ এপ্রিল)। আর দীপঙ্কর দত্তের বদলে ওই মামলা তিনি নিজে বিচার করবেন। এই রায়কে ঘিরে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সাগর ঘোষের ছেলে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আগামী সপ্তাহে ওই মামলারও শুনানি। ফলে, সারদা ও পাড়ু—এই জোড়া বোমা ফাটার ভয়ে কাঁপছে তৃণমূল।