সারদাকাণ্ড নিয়ে কুনালকাণ্ড

তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে এবার গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ। এমনকি তিনি খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই সারদা কেলেঙ্কারি নিয়ে তাঁর কাছে থাকা অনেক তথ্য ভিডিও রেকর্ড করে রেখেছেন। গতকাল বুধবার দিল্লির এক স্টুডিওতে তিনি এই ভিডিও রেকর্ড করেন।
রেকর্ডিং শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি। খুনও হয়ে যেতে পারি।’ তিনি আরও জানান, গ্রেপ্তার হলে তিনি আর মানুষকে তাঁর কথা জানাতে পারবেন না। তাই তিনি তাঁর সব কথা রেকর্ড করে রেখেছেন; যাতে ভবিষ্যতে সারদাকাণ্ড নিয়ে মানুষ বিশদ জানতে পারে। এর আগে অবশ্য কুনাল ঘোষ সারদা কেলেঙ্কারির ঘটনা সিবিআইকে দিয়ে তদন্ত করার আবেদন জানালেও দল এতে সায় দেয়নি।
সারদা গোষ্ঠীর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের কর্ণধার সুদীপ্ত সেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিলে পুলিশ পরে জম্মু ও কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে। এই সারদা গোষ্ঠীর অন্যতম এক কর্মকর্তা ছিলেন কুনাল ঘোষ।
গত শুক্রবার কলকাতার একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে কুনাল ঘোষ মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। একই সঙ্গে এদিন আরও তিন সাংসদ সোমেন মিত্র, তাপস পাল ও শতাব্দী রায়ও দলনেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এর পরেই সোমেন মিত্র বাদে তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেয় দল। অন্যদিকে কুনাল ঘোষকে চাপে রাখার জন্য তিন দিন বিধাননগর থানায় ডেকে গোয়েন্দা পুলিশ সারদাকাণ্ড নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।