সারদাকাণ্ডে বেকায়দায় মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কবজায় সুদীপ্ত সেন (মাঝে)
পুলিশের কবজায় সুদীপ্ত সেন (মাঝে)

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রীতিমতো তোপের মুখে। খামখেয়ালিপনা, দলীয় লোকদের নানা অনিয়ম আর বাড়াবাড়ির পর এবার অভিযোগ উঠেছে রাজ্যের বিতর্কিত আর্থিক প্রতিষ্ঠান সারদা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার। সারদাকাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা রাজ্যের রাজনীতি। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন আমানতকারীদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই সারদা গোষ্ঠীরই হাতে ছিল কলকাতা ও আসামের বাংলা, ইরেজি, হিন্দি ও উর্দু ভাষার ছয়টি দৈনিক এবং তারা, চ্যানেল-১০সহ চারটি টিভি চ্যানেল। শোনা গেছে, সুদীপ্ত সেন পালিয়ে যাওয়ার আগে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মুকুল রায় এবং তৃণমূল সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষের সঙ্গে।

এখানেই শেষ হলে কথা ছিল। কিন্তু পালিয়ে যাওয়ার আগে সুদীপ্ত ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে ১৮ পাতার একটি চিঠি লিখে গোমর ফাঁস করে যান। ওই চিঠিতে তিনি সারদা সাম্রাজ্যের পতনের কারণ ব্যাখ্যা করেছেন। সুদীপ্ত এ জন্য দায়ী করেছেন পশ্চিমবঙ্গের শাসক দলের কয়েকজন নেতা, মন্ত্রীসহ বেশ কয়েকজনকে। সারদার কর্ণধারের দাবি, তাঁরা তাঁর ওপর চাপ প্রয়োগ করে দিনের পর দিন আর্থিক সুবিধা নিয়েছেন। এই তালিকায় রয়েছেন কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং তৃণমূল সাংসদ সঞ্জয় বোস এবং তৃণমূল সাংসদ ও সারদা গোষ্ঠীর মিডিয়া সেলের প্রধান (সিইও) কুণাল ঘোষ। সুদীপ্তের দাবি, তাঁদের অর্থ দিতে দিতেই তাঁর প্রতিষ্ঠান আর্থিকভাবে পঙ্গু হতে থাকে। আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারবেন না এই ভেবে তিনি পালিয়ে যাওয়ার পথ বেছে নেন।

বিপদ বুঝে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতা-কর্মী-মন্ত্রী-সাংসদদের বাঁচানোর জন্য তৎপর হয়ে ওঠেন। মমতা ভালো করেই জানেন, সিবিআইয়ের হাতে এই কেলেঙ্কারির তদন্তভার গেলে থলের বিড়াল বেরিয়ে পড়তে পারে। তাই তিনি সিবিআই তদন্তের বিরোধিতা করছেন।