সারদার অর্থ আত্মসাতের মামলা তদন্তে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাতের মামলাটি তদন্ত করতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি সি নাগাপ্পানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, সারদা-সংক্রান্ত অন্যান্য মামলাও তদন্ত করবে সিবিআই।
পশ্চিমবঙ্গ সরকার এ মামলাটি সিবিআইয়ের পরিবর্তে রাজ্য সরকারের পুলিশ দিয়ে করানোর জন্য বারবার দাবি করে আসছিল। এ কারণে রাজ্য সরকার বিশেষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরুও করেছিল। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিও সারদাকাণ্ড পৃথকভাবে তদন্ত শুরু করেছে।
গত বছরের এপ্রিল মাসে সারদার কর্ণধার সুদীপ্ত সেন হঠাত্ করে কলকাতা থেকে পালিয়ে গেলে সারদার অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ পায়। পরে জন্মু ও কাশ্মীরের একটি হোটেল থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করে পুলিশ। সুদীপ্ত সেনের বিরুদ্ধে অভিযোগ, সারদা সংস্থার অন্তত ২২ হাজার কোটি রুপি আত্মসাত্ করেছেন তিনি।
সংস্থাটির অর্থ কারা কারা নিয়েছেন তা কলকাতা ছাড়ার আগে সিবিআইয়ের কাছে লেখা এক চিঠিতে জানান সুদীপ্ত সেন। তাতে দেখা যায়, এর সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত। এ ঘটনায় পরবর্তী সময়ে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে কুণাল ঘোষ দাবি করেন, সারদাকাণ্ড সিবিআই দিয়ে সারদাকাণ্ড তদন্ত করা হোক। কিন্তু তাতে সায় দেননি মমতা।
সিবিআই দিয়ে তদন্ত করার দাবি নিয়ে গত বছর ভারতের সুপ্রিম কোর্টে মামলা করা হলেও রাজ্য সরকার সেই মামলার শুনানিতে বারবার সিবিআই তদন্তের বিরোধিতা করে আসছিল।
সারদা গোষ্ঠী পশ্চিমবঙ্গের বেসরকারি একটি অর্থ লগ্নিকারী সংস্থা বা চিটফান্ড। এই সংস্থা বেআইনিভাবে হাজার হাজার কোটি টাকা তোলে। একসময় তারা কলকাতা ও আসামের ১০টি সংবাদপত্র ও টিভি চ্যানেলও কিনে নেয়। কিন্তু পরবর্তী সময়ে এসব গণমাধ্যমের কর্মীদের বেতন দিতে দেরি হওয়ায় ফাঁস হয়ে পড়ে সারদাকাণ্ড।
সারদার চিটফান্ডে জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার গঠন করে বিচারপতি শ্যামল সেন কমিটি। এ কমিটিতে সাড়ে ১৮ লাখ আমানতকারী টাকা ফেরত পাওয়ার আবেদন জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র আমানতকারীদের কিছু অর্থ ফেরত দিয়ে সারদাকাণ্ড সিবিআই দিয়ে তদন্ত না করানোর সিদ্ধান্তে অটল থাকেন।