সারদার অর্থ কেলেঙ্কারির বৃত্তান্ত ৯১ পাতার চিঠিতে
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষ সারদা-কাণ্ড তদন্তের জন্য নিযুক্ত ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ৯১ পাতার একটি চিঠি দিয়েছেন। কারাগার থেকেই তিনি ওই চিঠি লিখেছেন।
কুনাল ঘোষ ওই চিঠিতে সারদা-কাণ্ডের সঙ্গে কারা যুক্ত, কে সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন, কে কত নিয়েছেন—সেসব কথা সবিস্তারে জানিয়েছেন। চিঠিতে কুনাল ঘোষ নিজের জীবনহানির আশঙ্কার কথাও লিখেছেন।
এদিকে ইডির তদন্তে জানা গেছে, সারদার কর্ণধার বিভিন্ন রাজনৈতিক নেতাদের অন্তত ৮০০ কোটি টাকা দিয়েছেন। ওই অর্থ কোন কোন নেতা পেয়েছেন তাঁর বিস্তারিত প্রতিবেদনও দিল্লির ইডিতে চলে গেছে।
গত বছরের এপ্রিল মাসে সারদা অর্থ কেলেঙ্কারির কথা প্রথম ফাঁস হয়। সারদা পশ্চিমবঙ্গের একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা। সাধারণ মানুষকে বেশি সুদের লোভ দেখিয়ে তারা হাজার হাজার কোটি টাকা তোলে। শুধু তাই নয়, বিভিন্ন ভাষার ১০টি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল কিনে নেয়। গত বছরের প্রথম দিকে ওই সব সংবাদপত্র এবং টিভি চ্যানেলের কর্মচারীদের বেতন বন্ধ হয়ে গেলে সারদার আর্থিক কেলেঙ্কারির কথা ফাঁস হয়। গত বছরের এপ্রিল মাসে সারদার কর্ণধার সুদীপ্ত সেন হাজার হাজার কোটি টাকা আত্মসাত্ করে পালিয়ে যান। পুলিশ পরে জম্মু ও কাশ্মীরের একটি হোটেল থেকে সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সংস্থার আরও তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে। সুদীপ্ত সেনকে গ্রেপ্তারের পরই রাজ্যব্যাপী অর্থলগ্নিকারীরা তাঁদেরর অর্থ ফেরত দেওয়ার দাবি তোলের। ওই অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে বিচারপতি শ্যামল সেন কমিশন গড়ে তোলেন। সেখানে সাড়ে ১৭ লাখ আবেদন জমা পড়ে।
এদিকে সারদা-কাণ্ড সিবিআইকে দিয়ে তদন্তের দাবি ওঠে। তৃণমূল বাদে অন্য দল এই দাবি নিয়ে রাস্তায় নামে। বিরোধী দল অভিযোগ তোলে, এই সারদার প্রচুর টাকা খেয়েছে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতা। কিন্তু রাজ্য সরকার অনড় থাকে সিবিআই তদন্তের বিরুদ্ধে। অবশেষে ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক আদেশে সারদা-কাণ্ড তদন্তের জন্য নির্দেশ দেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিবিআই)। সিবিআই শুরুও করেছে তদন্ত। সিবিআই তদন্তের আগেই এই আর্থিক কেলেঙ্কারি তদন্তে নামে ভারতের ইডি। সেই তদন্তের অন্তর্বর্তীকালীন এক প্রতিবেদন সম্প্রতি জমা পড়ে ইডির কেন্দ্রীয় দপ্তরে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইডির রিপোর্টে বলা হয়েছে, সারদার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অন্তত ৮০০ কোটি টাকা চলে গেছে বিভিন্ন নেতার কাছে। তবে এ টাকা ওই সব নেতার কাছে গেছে বেনামি ব্যাংক হিসাবে। ইডি সেসব বেনামি হিসাবের প্রকৃত মালিক কারা—তা তদন্ত করে বের করেছে। এ ছাড়া হুন্ডির মাধ্যমেও নেতাদের দেওয়া হয়েছে বহু টাকা। কোনো কোনো নেতা এই অর্থ নিয়েছেন তার তালিকা ও প্রমাণপত্রসহ ইডি জমা দিয়েছে।