সারা বিশ্ব থেকে শাখা অফিস গুটিয়ে নিচ্ছে ফনসেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকা তার অধিকাংশ আন্তর্জাতিক শাখা অফিস গুটিয়ে নিচ্ছে। ব্যবসায় অতিমন্দা দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা গত বুধবার জানিয়েছেন।

গত বছরের ৩ এপ্রিল মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হলে বিশ্বজুড়ে হইচই শুরু হয়। নথিগুলো ছিল বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, রাজনীতিক, চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তারকাদের অর্থ পাচার এবং কর ফাঁকির তথ্যসংবলিত। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই কর ফাঁকি দেওয়া অর্থ কর রেয়াতকারী অঞ্চলে তথাকথিত সব প্রতিষ্ঠান (অফশোর কোম্পানি) তৈরির মাধ্যমে গচ্ছিত রেখেছিলেন ধনাঢ্য পাচারকারীরা। কর রেয়াতকারী এসব অঞ্চলের মধ্যে প্রায় সবই যুক্তরাজ্যের রানিশাসিত নানা অঞ্চল (ব্রিটিশ টেরিটরিজ)। এই অঞ্চলগুলো ‘করের স্বর্গ’ বা ‘ট্যাক্স হেভেন’ নামে পরিচিত। 

মোসাক ফনসেকার অন্যতম প্রতিষ্ঠাতা জার্গেন মোসাক বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘বিদেশে আমাদের প্রায় ৪৫টি অফিস রয়েছে। এখন চালু আছে ছয়টি।’ তবে মোসাক ফনসেকার সদর দপ্তর বন্ধ হচ্ছে না বলে গুরুত্বের সঙ্গে জানান তিনি।