সারাহ পেলিন যোগ দিচ্ছেন ফক্স নিউজে
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের রানিং মেট ও আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন রাজনৈতিক ভাষ্যকার হিসেবে ফক্স নিউজে যোগ দিচ্ছেন।সারাহ পেলিন গত সোমবার এক বিবৃতিতে বলেন, ফক্স নিউজের দারুণ মেধাবী কর্মী ও ব্যবস্থাপনা দলের সঙ্গে যোগ দিতে পেরে তিনি রোমাঞ্চিত।সংবাদ চ্যানেলটির সঙ্গে কয়েক বছরের জন্য চুক্তি করেছেন পেলিন। ফক্স নিউজের অনুষ্ঠান বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিল শাইন বলেন, ‘ফক্স নিউজে তাঁর প্রাণবন্ত কণ্ঠ যোগ করতে পেরে আমরা আনন্দিত।’ ফক্স বিজনেস চ্যানেল, ফক্স নিউজ ডটকম, ফক্স নিউজ রেডিওসহ ফক্স নিউজের সব কয়টি অনুষ্ঠানে অংশ নেবেন সারাহ পেলিন।ফক্স নিউজে ‘রিয়েল আমেরিকান স্টোরিজ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন সারাহ। অনুষ্ঠানে দৈবদুর্বিপাক জয় করা সফল মার্কিনিদের বাস্তব জীবনের প্রেরণাদায়ী গল্প তুলে ধরা হবে। ২০১০ সালে অনুষ্ঠানটি শুরু হবে। গত বছরের জুলাই মাসে আলাস্কার গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান সারাহ পেলিন। এএফপি।