সারাহ ফার্গুসনের নতুন কীর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসন তাঁর সাবেক স্বামী প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগের সুযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে একজন ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ডাচেস অব ইয়র্কের গোপনে অর্থ লেনদেনের এ খবর গতকাল রোববার ব্রিটেনের একটি ট্যাবলয়েডে প্রকাশ করা হয়। নিউজ অব দ্য ওয়ার্ল্ড নামে এই ট্যাবলয়েড লিখেছে, তাদের রেকর্ড করা ভিডিওচিত্রে দেখা গেছে, ব্রিটেনের আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য সারাহ ফার্গুসন একজন ছদ্মবেশী ব্যবসায়ীর কাছ থেকে ৪৮ হাজার মার্কিন ডলার নিয়েছেন। ওই ব্যবসায়ী ছিলেন একজন সাংবাদিক। অর্থ লেনদেনের এ বিষয়টি গোপনে ভিডিও করা হয়। জানা গেছে, তাঁদের মধ্যে মোট সাত লাখ ২৩ হাজার ডলারের চুক্তি হয়। তবে এ ব্যাপারে রাজপ্রাসাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে অস্বীকার করা হয়। ভিডিওতে ফার্গুসনকে বলতে শোনা যায়, ‘আপনার জন্য আমি যেকোনো দরজাই খুলে দিতে পারি। অ্যান্ড্রু আমাকে বলেছেন, তাঁকে পাঁচ লাখ ইউরো দিতে হবে। আপনি ব্যবসায়িক স্বার্থে প্রিন্সের সঙ্গে দেখা করতে চাইলে আমার দিকটি আপনাকে দেখতে হবে। এএফপি ও রয়টার্স।