সারিন ব্যবহারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে সরকারি বাহিনীর চালানো হামলায় সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে। গতকাল রোববারএনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ প্রোগ্রামে কেরি এ কথা বলেন।
কেরি বলেন, ওই হামলার ঘটনার পর ঘটনাস্থল থেকে সংগৃহীত চুল ও রক্তের নমুনাগুলো পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পাওয়া বিভিন্ন নমুনা থেকে পরীক্ষায় আমরা বিষয়টি জানতে পেরেছি, নিশ্চিত হয়েছি।’
আরব লিগের বৈঠক: এদিকে সিরিয়ার বিষয়ে আরব দেশগুলোর সংগঠন আরব লিগ প্রেসিডেন্ট আসাদ সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহারে জন্য অভিযুক্ত করলেও দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে তারা এতদিন প্রকাশ্যে কিছু বলেনি। কিন্তু সামরিক হস্তক্ষেপের যে প্রস্তুতি যুক্তরাষ্ট্র নিচ্ছে, তার প্রেক্ষিতে সিরিয়া-সংকট নিয়ে আরব দেশগুলোর ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে আলোচনা করতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল কায়ারোতে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সৌদি আরব সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে জোর সমর্থন দেওয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানায়।
৯ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা: অসিরিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের বিষয়ে ৯ সেপ্টেম্বরের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না।
গত শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে পাঠ করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিষয়ে তাঁর সর্বশেষ অবস্থান তুলে ধরেন। এতে ওবামা জানান, তিনি সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিষয়ে কংগ্রেসের অনুমোদন চাইবেন। কংগ্রেসে বিষয়টি নিয়ে বিতর্ক ও ভোটাভুটি হবে। সেই ভোটাভুটিতে সিদ্ধান্ত হবে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় অভিযান চালাবে কি না।
মার্কিন কংগ্রেসে গ্রীষ্মকালীন অবকাশ চলছে। ৯ সেপ্টেম্বর আবার অধিবেশন শুরু হওয়ার কথা। তারপর সিরিয়া ইস্যু নিয়ে বিতর্ক এবং ভোটাভুটি হবে। এ পরিস্থিতিতে এটা স্পষ্ট যে অন্তত ৯ সেপ্টেম্বরের আগে সামরিক অভিযানের কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র।
ওবামার কংগ্রেসে অনুমোদন চাওয়ার সিদ্ধান্তে হতাশ হয়েছে বাশারবিরোধীরা। তাদের মতে, এতে করে বাশার আরও ‘আত্মবিশ্বাসী’ হয়ে উঠবেন।
মার্কিন সিদ্ধান্তের অপেক্ষা করবে ফ্রান্স: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস গতকাল বলেন, সিরিয়ার বিরুদ্ধে একাই ব্যবস্থা নিতে যাবে না ফ্রান্স। তারা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। সিরিয়া ইস্যু নিয়ে বুধবার ফ্রান্সের পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন পেতে তিন সপ্তাহ: জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল সিরিয়া থেকে কথিত রাসায়নিক হামলার যে আলামত সংগ্রহ করেছে, তা বিশ্লেষণ করে প্রতিবেদন দিতে তিন সপ্তাহ সময় লাগবে। দি অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস এ কথা জানিয়েছে। এএফপি ও বিবিসি।