সার্ক উপগ্রহ তৈরির আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি কৃত্রিম উপগ্রহ তৈরির আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (আইএসআরও) তিনি এই আহ্বান জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আইএসআরও থেকে গতকাল পিএসএলভি সি-২৩ নামে একটি রকেট উৎক্ষেপণ করা হয়। সেখানে দেশটির মহাকাশ বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মহাকাশ মিশনের সুফল অন্যান্য উন্নয়নশীল দেশ বিশেষত ভারতের প্রতিবেশীদের কাছে পৌঁছানো উচিত।
নরেন্দ্র মোদি বলেন, ‘আপনাদের উচিত একটি সার্ক উপগ্রহ তৈরি করা। ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে এই উপগ্রহটি নিবেদিত থাকবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সেবায়। প্রতিবেশীদের সঙ্গে এই উপগ্রহের সুফল ভাগাভাগি করে নিতে হবে।’
রকেটটি সকাল নয়টা ৫২ মিনিটে উৎক্ষেপণ করা হয়। মহাকাশবিজ্ঞানে ভারত এত বড় সাফল্য অর্জন করায় বিজ্ঞানীদের উষ্ণ অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। মহাকাশ বিজ্ঞান শুধু অভিজাত শ্রেণীর জন্য—এমন প্রচলিত ধারণা নাকচ করে দিয়ে মোদি বলেন, ‘এটি মানুষের খুব ভুল ধারণা। মহাকাশবিজ্ঞান মূলত গরিবদের জীবনমান উন্নয়নের কাজেই লাগে।