সার্ক নেতাদের আমন্ত্রণ জানানো ছিল 'সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত': মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের আমন্ত্রণ নিজ দেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি ‘সঠিক সময়ে সঠিক পদক্ষেপ’ নিয়েছিলেন৷ এর মধ্য দিয়ে বিশ্বের কাছে ভারতের শক্তি সম্পর্কে বার্তা পাঠিয়েছেন, যে বার্তার ব্যাপারে এখনো আলোচনা চলছে৷ খবর পিটিআইয়ের৷
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গতকাল রোববার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদর দপ্তরে যান মোদি৷ এ সময় তিনি বলেন, তাঁর সরকারের কাছে জনগণের বিপুল প্রত্যাশা রয়েছে৷ জনগণের এসব প্রত্যাশা পূরণ করা তাঁর কর্তব্য৷
মোদি বলেন, দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা দরকার, যাতে ভারতকে প্রাপ্য সম্মান ও মর্যাদা দেয় সারা বিশ্ব৷ এ লক্ষ্যে প্রথম উদ্যোগ হিসেবে ২৬ মে তাঁর শপথ অনুষ্ঠানে সার্ক নেতাদের অামন্ত্রণের বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, বিশ্ববাসী একটা বার্তা পেয়েছেন৷ এখনো তাঁরা এ নিয়ে কথা বলছেন৷ ভাবছেন, সে দিন কী ঘটেছিল; কেমন করে ঘটল৷ এতে প্রমাণিত হয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে তা কতটা কার্যকর হয়৷
ফেসবুক পাতায় ১১ লাখ লাইক: ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিজস্ব ফেসবুক পাতা খোলা হয়েছে মাত্র চার দিন আগে৷ এ কয় দিনের মধ্যেই ওই পাতায় ১১ লাখ ৫৭ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে৷ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক টুইটার বার্তায় গতকাল এ তথ্য জানানো হয়েছে৷
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পাতায় ‘কভার ফটো’ হিসেবে ব্যবহার করা হয়েছে ৬৩ বছর বয়স্ক নতুন প্রধানমন্ত্রী মোদির কর্মব্যস্ত একটি মুহূর্তের ছবি৷