সার্ভেন্তেস পুরস্কার পেলেন স্প্যানিশ ঔপন্যাসিক আনা মারিয়া মাতুতে
স্প্যানিশ ঔপন্যাসিক আনা মারিয়া মাতুতে তাঁর সাহিত্যকর্মের জন্য সার্ভেন্তেস পুরস্কার পেয়েছেন। গত বুধবার স্পেনের সংস্কৃতি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। ১৯৭৬ সালে এ পুরস্কার প্রবর্তনের পর তৃতীয় নারী লেখক হিসেবে আনা মারিয়া এ পুরস্কার পেলেন। এই পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ ৬৯ হাজার ডলার।কর্মকর্তারা বলেছেন, আগামী বছরের ২৩ এপ্রিল স্পেনের রাজা হুয়ান কার্লোস পুরস্কারের অর্থ হাতে তুলে দেবেন। বার্সেলোনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আনা মারিয়া বলেন, তিনি এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন।চলতি বছরের নোবেল বিজয়ী লেখক মারিও বার্গাস য়োসা বলেছেন, এ পুরস্কার অনেক আগেই মারিয়ার পাওয়া উচিত ছিল। সারা বিশ্বের অগণিত মারিয়াভক্ত পাঠকের মতো তিনি নিজেও এ সংবাদে খুশি হয়েছেন।দ্য লস্ট চিলড্রেন ও সোলজার্স ক্রাই বাই নাইটসহ মারিয়ার লেখা অনেক উপন্যাস ২৩টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর বেশির ভাগ উপন্যাস শিশু ও কিশোরদের মনস্তত্ত্ব নিয়ে লেখা। এএফপি।