সালমানের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আইনমন্ত্রী সালমান খুরশিদ ও তাঁর স্ত্রী লুইসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে সরকার। তদন্ত কর্মকর্তারা খুরশিদ ও লুইস পরিচালিত ট্রাস্ট পরিদর্শন করেছেন। তাঁরা ওই ট্রাস্টের নথিপত্র খতিয়ে দেখছেন।খুরশিদ ও লুইসের বিরুদ্ধে অভিযোগ, উত্তর প্রদেশের ১৭টি জেলার প্রতিবন্ধীদের কল্যাণে তাঁদের পরিচালিত জাকির হুসাইন মেমোরিয়াল ট্রাস্টকে কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রণালয় যে ৭১ লাখ রুপি অনুদান দিয়েছিল, তা নয়ছয় করা হয়েছে।খুরশিদের বিরুদ্ধে অভিযোগ, অনুদান নিয়ে প্রতিবন্ধীদের জন্য কোনো শিবিরই (ক্যাম্প) করা হয়নি। এমনকি অনুদান পাওয়ার জন্য উত্তর প্রদেশ সরকারের এক আমলার সই জাল করা হয়েছে।অবশ্য খুরশিদ তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করে গত রোববার সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে তাঁরা প্রস্তুত। টেলিভিশন চ্যানেল ও দুর্নীতিবিরোধী আন্দোলনকারীরা তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তার কোনোটাই প্রমাণ করা যাবে না। একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন, কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না।প্রতিবন্ধীদের কল্যাণে ক্যাম্প করার প্রমাণ হিসেবে খুরশিদ গত রোববার সাংবাদিকদের বেশ কিছু ছবিও দেখান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। তবে খুরশিদ যা-ই বলুন, ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। শাখার ডিজি সুব্রত ত্রিপাঠী বলেন, তদন্তের জন্য চারটি দল গঠন করা হয়েছে।সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আজতক ও ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল প্রথম খুরশিদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় আটক হন কেজরিওয়াল ও তাঁর সমর্থকেরা। অবশ্য শনিবার দিল্লির একটি অস্থায়ী কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।এদিকে কেজরিওয়াল গতকাল সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রীর সব দাবি নাকচ করে দিয়ে তাঁর বিরুদ্ধে নতুন করে কয়েকটি অভিযোগ এনেছেন। খুরশিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পক্ষে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করে কেজরিওয়াল বলেন, খুরশিদ তাঁর ট্রাস্টে যেসব সুবিধাভোগীর তালিকা দিয়েছেন, তাদের অনেকেরই অস্তিত্ব নেই। এমনকি তালিকার অনেকে প্রতিবন্ধীও নন। টাইমস অব ইন্ডয়া ও বিবিসি।